ঘুরে দাঁড়াতে চান সিদ্দিকুর
এত খারাপ সময় আগে কখনো যায়নি সিদ্দিকুর রহমানের। পারফরম্যান্সের প্রভাব পড়েছে অর্ডার অব মেরিটেও। ছিটকে পড়েছেন সেরা ১০ থেকে। বর্তমানে আছেন ১৩ নম্বরে। আগামীকাল ব্যাংককে শুরু হতে যাওয়া থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপে খেলবেন বাংলাদেশের গলফার। খেলা শুরুর আগে জানিয়েছেন, এশিয়া ট্যুরের এই টুর্নামেন্ট থেকেই বাজে সময়টা পেছনে ফেলতে চান।সিদ্দিকুরের পারফরম্যান্স মনের মতো না হওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে। কয়েক মাস ধরেই ভুগছেন পিঠের ব্যথায়। ব্যাংককে এরই মধ্যে ফিজিওথেরাপিস্ট দেখিয়েছেন। বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংককের ওই চিকিৎসক। তবে চিকিৎসকের পরামর্শ মতোই অনুশীলন সারছেন সিদ্দিকুর। চোটের কারণে অংশ নেননি সর্বশেষ দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থাইল্যান্ডের কিংস কাপ ও হংকং ওপেনে। গত নভেম্বরের শুরুর দিকে চীনের ডংগুয়ানে হওয়া ডব্লুজিসি এইচএসবিসি চ্যাম্পিয়নশিপে খেলার সময় অর্ডার অব মেরিটের দশে ছিলেন। ওই টুর্নামেন্টে ৭৬তম হন সিদ্দিকুর। ঠিক পরের টুর্নামেন্ট সিঙ্গাপুর ওপেনে অবশ্য কাট মিস করেন। এর আগে অক্টোবরে দুটি টুর্নামেন্টে খেলেছেন। কুয়ালালামপুরে সিআইএমবি ক্লাসিকে হন ৪৬তম। আর ম্যাকাও ওপেনে যুগ্মভাবে হন তৃতীয়।জানুয়ারিতে ফিলিপাইন ওপেন দিয়ে বছর শুরু করেছিলেন বাংলাদেশের সেরা গলফার। ওই সময় অর্ডার অব মেরিটে ছিলেন ৩৮ নম্বরে। ঠিক পরের টুর্নামেন্টে ভারতের প্যানাসনিক ওপেনে দ্বিতীয় হওয়ার সুবাদে সেরা পাঁচে উঠে আসেন। সিদ্দিকুর এ বছরের সেরা সময়টা পার করেছেন গত জুনে। থাইল্যান্ডের কুইন্স কাপে খেলার সময় ছিলেন তৃতীয় স্থানে।৯ ডিসেম্বর থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপ শেষে মালয়েশিয়ায় আরেকটি টুর্নামেন্টে অংশ নেবেন সিদ্দিকুর। ১৩-১৬ ডিসেম্বর ইস্কান্দার জোহর ওপেনে খেলার পরই ঢাকায় ফেরার কথা সিদ্দিকুরের। তবে এটাই এ বছরে তাঁর শেষ টুর্নামেন্ট নয়। এরপর ভারতে যাবেন একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে। গলফার জীব মিলখা সিংয়ের আমন্ত্রণে এশিয়ার সেরা ৩০ গলফার খেলবেন দিল্লির এই টুর্নামেন্ট।