ঘুরে দাঁড়াতে চায় চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের জালে আধডজন গোল ঢুকিয়ে, ৫ গোলের বিশাল ব্যবধানে জিতেও শেষ কবে এমন মাথা নিচু করে কোনো দল মাঠ ছেড়েছে সেটা সত্যিই গবেষণার বিষয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পরের আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জা! সেই ক্ষত নিয়েই আজ আবার মাঠে নামছে রাফায়েল বেনিতেজের দল। না, ভুলই বলা হলো, চেলসি এখনো ‘বেনিতেজে’র হয়ে ওঠেনি। গত ম্যাচে তেজ যদিও ছিল দুর্দান্ত।ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি এখনো ভালো অবস্থানেই। পয়েন্ট টেবিলের তিনে। যদিও এই তথ্য চেলসি-সমর্থকদের ভুলিয়ে দিতে পারছে না লিগের গত সাত ম্যাচেই জিততে না-পারার ব্যর্থতা। অথচ চেলসির শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল। প্রথম আট ম্যাচেই অপরাজিত, সাতটিতেই জয়! ছিল পয়েন্ট টেবিলের এক নম্বরেও। অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে সেই যে পা হড়কে গেল, কক্ষপথে ফেরার পথ এখনো খুঁজছে নীল দল। তল্পিতল্পা নিয়ে ফিরে যেতে হয়েছে রবার্তো ডি মাত্তেওকেও।লিগে চেলসির আজকের প্রতিপক্ষ অবশ্য সহজই। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্টে গা ভাসিয়ে রাখা সান্ডারল্যান্ড। এবার লিগে ১৫ ম্যাচে যারা জিতেছে মাত্র দুটিতে। জয়ের ধারায় ফেরার জন্য এটাই চেলসির সুবর্ণ সুযোগ। আজকের ম্যাচটি চেলসির জন্য আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ খেলেই তারা ক্লাব বিশ্বকাপের জন্য উড়াল দেবে জাপানের উদ্দেশে। ধারাবাহিক ব্যর্থতার এই দুঃসময়ে যে টুর্নামেন্টের দিকে ভীষণভাবে তাকিয়ে আছে দল। এএফপি, রয়টার্স।