ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তান?
এভাবে আর হারতে না চাইলে আমূল বদলাতে হবে পাকিস্তানের ক্রিকেট—ভারতের বিপক্ষে হারের পর কথাটা বলেছিলেন বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান খান। কিন্তু দুই দিনের মধ্যে তো আর পুরো অবকাঠামো বদলে ফেলা যায় না। বড়জোর নিজেদের খেলার ধরন কিছুটা বদলানো যায়, সেরাটা দেওয়ার চেষ্টা করা যায়। এজবাস্টনে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান কি সেটা করতে পারবে?
পাকিস্তান কোচ মিকি আর্থারের আশাবাদী উত্তর, ‘হ্যাঁ, পারবে।’ কিন্তু তাঁর সঙ্গে সুর মেলানোর মতো লোক খুঁজে পাওয়া একটু কঠিন হবে এই মুহূর্তে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শুধু ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দলই নয়, চ্যাম্পিয়নস ট্রফিটাও শুরু করেছে শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারিয়ে। অন্যদিকে র্যাঙ্কিংয়ের ৮ নম্বর পাকিস্তানের টুর্নামেন্টের শুরু হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানের লজ্জাজনক হারে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো কিছুতেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। যেটা দেখে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি পর্যন্ত বলেছেন, ‘পাকিস্তান দিশেহারা ব্যাটিং করেছে, ফিল্ডিং আরও মর্মঘাতী।’
ভারতের বিপক্ষে ম্যাচেই চোট পেয়ে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। সেদিন ভারতীয় ব্যাটসম্যানদের রান উৎসবের মাঝে পাকিস্তানের একজন বোলারই ভালো বল করেছেন—মোহাম্মদ আমির। কিন্তু পেশিতে টান পড়ায় তিনিও পুরো ১০ ওভার বল করতে পারেননি। ব্যাট হাতে আজহার আলীর ইনিংসটা ছাড়া বলার মতো কিছু করতে পারেননি কেউ।
সব মিলিয়ে পাকিস্তানের আসলেই ছন্নছাড়া অবস্থা। তারপরও মিকি আর্থার হাল ছাড়ছেন না, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই সেটা দেখাতে পারব। আমি মনে করি, ছেলেরা সেরাটা দিয়ে খেললে দক্ষিণ আফ্রিকাকে হারানো অসম্ভব কিছু নয়।’
জয় ছাড়া খুব একটা বিকল্পও নেই পাকিস্তানের। টানা দ্বিতীয় হার টুর্নামেন্ট থেকে একরকম ছিটকেই দেবে তাদের। পাকিস্তান অবশ্য একটা সুবিধা পাবে। তাদের কোচ মিকি আর্থার দক্ষিণ আফ্রিকান, দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে ছিলেন। প্রোটিয়াদের ঘরের খবর তাই তাঁর ভালোই জানা। এই জানাশোনাটা আর্থার কতটা কাজে লাগাতে পারেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে।
এমনিতে দক্ষিণ আফ্রিকা আছে ফুরফুরে মেজাজে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই ডি ভিলিয়ার্সের দল বুঝিয়ে দিয়েছে, এই টুর্নামেন্টে শিরোপা জেতা ছাড়া অন্য কিছু ভাবছে না তারা। ব্যাট হাতে হাশিম আমলা ও বল হাতে ইমরান তাহির প্রথম ম্যাচটা নিজেদের করে নিয়েছেন। আসলে প্রোটিয়া দলে ম্যাচ উইনারের কমতি নেই। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা দুর্দান্ত ক্রিকেট খেলছেন সর্বশেষ ১২ মাস ধরে। পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও প্রায় নিশ্চিত হয়ে যাবে।
আর এই ম্যাচেই যদি শেষ চার প্রায় নিশ্চিত করে ফেলা যায়, কে চাইবে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে! এএফপি, রয়টার্স।