ঘুরে দাঁড়াতে বললেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের প্রথম দুটি ম্যাচ জিতে এবারের মৌসুমের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও জয়ের হাসি হেসেছিল কাতালানরা। কিন্তু স্প্যানিশ সুপার কাপ ফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে মৌসুমের প্রথম শিরোপাটা ঘরে তুলতে পারেননি টিটো ভিলানোভার শিষ্যরা। এখন এই ব্যর্থতায় মুষড়ে না পড়ে লা লিগায় মনোযোগ দেওয়ার জন্য শিষ্যদের প্রতি আহ্বান জানিয়েছেন কোচ টিটো ভিলানোভা।মৌসুমের প্রথম শিরোপাটা অল্পের জন্য হাতছাড়া হয়ে গেলেও এখন স্প্যানিশ লিগের শিরোপা পুনরুদ্ধারের দিকে দৃষ্টি দিচ্ছেন ভিলানোভা। আর এটা যে কেবলই মৌসুমের শুরু, তা-ও শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছেন বার্সেলোনার এই নতুন কোচ। তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি যে কেবলই মৌসুমটা শুরু হয়েছে। এখন নিজেদের মাঠে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ খেলা আছে। আমাদের চেষ্টা করতে হবে এই ম্যাচটা জিতে আরও তিনটি পয়েন্ট যোগ করার।’স্প্যানিশ লিগের প্রথম দুই ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে সহজ জয় পেলেও আজ শক্তিশালী প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। নিজেদের শেষ ম্যাচে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিশ্চিতভাবেই আজ বেশ আত্মবিশ্বাস নিয়ে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। আর এ ব্যাপারে শিষ্যদের আগে থেকেই সতর্ক করে দিয়েছেন কোচ ভিলানোভা। তিনি বলেছেন, ‘এ দলটা আমাদের জন্য অনেক বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা খুব দ্রুতগতির ফুটবল খেলে।’তবে আজকের ম্যাচে বার্সেলোনাকে মাঠে নামতে হতে পারে দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই। রক্ষণভাগের অন্যতম প্রধান সেনানী দানি আলভেজ পড়েছেন হাঁটুর ইনজুরির কবলে। আর অধিনায়ক কার্লোস পুয়োল মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অন্যদিকে বার্সেলোনার জার্সি গায়ে আজ লা লিগায় অভিষেক হতে পারে ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সংয়ের। ইএসপিএন