ঘুরে দাঁড়ানোর আশা জাভির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে টানা চতুর্থবারের মতো স্প্যানিশ লিগ শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষই হয়ে গেছে বার্সেলোনার। তার কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির কাছেও ১-০ গোরে হেরেছে কাতালানরা। সব মিলিয়ে একটু হতাশাজনক পরিস্থিতিই পার করছে গতবারের শিরোপাজয়ীরা। তবে এখনো ঘুরে দাঁড়ানোর আশা ছাড়েননি জাভি হার্নান্দেজ। ন্যু ক্যাম্পে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বার্সার মাঝমাঠের এই প্রধান সেনানী।কাল নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার মিশন নিয়ে চেলসির বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। দুই দিন আগেই নিজেদের মাঠে এল ক্ল্যাসিকো হারার বেদনা ভোলার সর্বোচ্চ চেষ্টাটাই যে কাতালানরা করবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। জাভির কণ্ঠেও শোনা গেল সেই একই সুর। আজ সোমবার বার্সেলোনার ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। এটাই এখন প্রধান কথা। বার্সেলোনার সমর্থকেরা নিশ্চয়ই বরাবরের মতো এবারও আমাদের সমর্থন জোগাবেন। সব বড় ম্যাচগুলোতেই তাঁরা আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সমর্থন দিয়েছেন।’স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে পুরো ৭ পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা। লিগে আর বাকি আছে মাত্র চারটি ম্যাচ। এই অবস্থায় শিরোপা জয়ের আশা যে প্রায় শেষই হয়ে গেছে, সেটা স্বীকারই করে নিয়েছেন জাভি। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ইউরোপ-সেরার মুকুটটা মাথায় নিয়েই মৌসুমটা শেষ করতে চান পেপ গার্দিওলার শিষ্যরা। জাভি বলেছেন, ‘স্প্যানিশ লিগের শিরোপাটা হয়তো হাতছাড়া হয়েই গেছে। তবে আমরা এখনো চ্যাম্পিয়নস লিগটা জিততে পারি। আর এরই মধ্যে আমরা এই মৌসুমে তিনটা শিরোপা জিতেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। কারণ আমরা জানি, মৌসুমটা ভালোমতো শেষ করার বিষয়টা পুরোপুরিই আমাদের হাতে আছে।’বার্সেলোনা এরই মধ্যে উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে। পরবর্তী মাসে কোপা ডেল রে শিরোপা জয়ের লক্ষ্যে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লড়বে এই স্প্যানিশ জায়ান্ট। ওয়েবসাইট।