ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়, ২৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৯৪ রানে ৫ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডের হারটাই হয়তো অবধারিত ধরে নিয়েছিলেন অনেকে। কিউইরা যে এখনো খুব বেশি আশঙ্কামুক্ত হয়েছে, তা হয়তো বলা যাবে না। কিন্তু প্রায় হারতে বসা ম্যাচটাতে প্রাণ ফিরিয়েছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াল্টিং। ষষ্ঠ উইকেটে ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কিউই শিবিরে আশার বাতি জ্বালিয়েছেন এই দুই ব্যাটসম্যান। আজ তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৫২ রান। ইনিংস পরাজয়ের আশঙ্কা কাটিয়ে এখন ৬ রানের লিডও নিয়েছে ম্যাককালাম বাহিনী।
১ উইকেটে ২৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে আবারও ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কায় দুলছিল স্বাগতিকরা। দিনের দ্বিতীয় ওভারেই কেইন উইলিয়ামসনকে ফিরিয়েছেন জহির খান। কয়েক ওভার পরে ৩৫ রান করা হ্যামিশ রাদারফোর্ডও সাজঘরমুখী হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এবারও ঘাতক সেই জহির। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে অভিষিক্ত টম লাথামের উইকেটও তুলে নিয়ে নিউজিল্যান্ডকে বড়সড় ধাক্কাই দিয়েছেন মোহাম্মদ সামি। বিরতির পর কোরে অ্যান্ডারসনও রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হলে ইনিংস ব্যবধানের আশঙ্কাই হয়তো ভর করেছিল নিউজিল্যান্ড-সমর্থকদের মনে। সে সময় নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৯৪ রান। ইনিংস ব্যবধান এড়াতে তখনো প্রয়োজন ছিল ১৫২ রান। মনে হচ্ছিল যেন আজই শেষ হয়ে যাবে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। কিন্তু এরপর দারুণভাবে রুখে দাঁড়িয়েছেন ম্যাককালাম আর ওয়াল্টিং। দিনের বাকিটা সময় ভারতীয় বোলারদের শুধু হতাশাতেই পুড়িয়েছেন তাঁরা। যথার্থ অধিনায়কের মতো সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ম্যাককালাম। ১১৪ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন কিউই অধিনায়ক। নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০৮ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন ওয়াল্টিং।