ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শ্রীলঙ্কা
কুমার সাঙ্গাকারার অনবদ্য সেঞ্চুরিতে আবুধাবি টেস্টের চতুর্থ দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩১৪ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর আজ পাঁচ উইকেটের বিনিময়ে ২৯৮ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। তবে এখনো তারা পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ১৬ রানে। ১৬১ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন সাঙ্গাকারা।গতকাল শ্রীলঙ্কান ইনিংসের প্রথম বলেই ওপেনার থারাঙ্গা পারানাভিতানাকে আউট করে দ্বিতীয় ইনিংসেও লঙ্কানদের অল্প রানে গুটিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন উমর গুল। কিন্তু এরপর বেশ ভালোই প্রতিরোধ গড়েন আরেক ওপেনার থিরিমানে ও সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েন ১৫৩ রানের জুটি। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে থিরিমানে করেছিলেন ৬৮ রান। কয়েক ওভার পরে মাহেলা জয়াবর্ধনের উইকেটও তুলে নেন সাইদ আজমল। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অধিনায়ক দিলশানও। ফিরেছেন মাত্র নয় রান করে। পঞ্চম উইকেটে প্রায় ২০ ওভার ব্যাট করে ৪২ রান যোগ করেছিলেন সাঙ্গাকারা ও ম্যাথিউ। দলীয় ২৩৩ রানের মাথায় ম্যাথিউসকে সাজঘরে ফেরানোটাই পাকিস্তানের সর্বশেষ সাফল্য। এরপর দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন সাঙ্গাকারা ও প্রসান্না জয়াবর্ধনের জুটি। ষষ্ঠ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে এখনো অপরাজিতই আছেন এই দুই ব্যাটসম্যান। ওয়েবসাইট।