ঘুরে দাঁড়ানোর শপথ
ক্রিস গেইল রাতে ঘুমাতে গেলেন ফুল দেখে। সকালে ঘুম থেকে উঠে ফুল দেখলেন সাকিব আল হাসান। পরশু রাত এবং কাল সকালে ফুল নিয়ে টিম হোটেলে যাওয়া সমর্থকের দলটা দুজনের কাছেই বলল ‘স্যরি’। গেইলকে ‘স্যরি’ বলার কারণ, ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে এক সমর্থকের ইট নিক্ষেপ। সাকিবকে ‘স্যরি’ বলা হয়েছে পরশু ম্যাচ হারার পর ক্ষুব্ধ সমর্থকদের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য।ক্রিকেটের সবচেয়ে বৃহৎ অংশই যখন দর্শকেরা, তাদের আচরণ ক্রিকেটারদের মনে প্রভাব ফেলে বৈকি। হাততালি দিলে খেলোয়াড়েরা অনুপ্রাণিত হন, গালমন্দ দিলে মন খারাপ হয়। পরশু রাতে দর্শকদের আচরণটা বাংলাদেশ ক্রিকেটারদের জন্য হলো কাটা ঘায়ে নুনের ছিটা। একে তো ৫৮ রানে অলআউট হয়ে গিয়ে লজ্জাজনক পরাজয়ের গ্লানি, তার ওপর দর্শকদের গালমন্দ আর ঢিল খেয়ে খেলোয়াড়দের মনই ভেঙে যাওয়ার অবস্থা।আশার কথা, এত কিছুর পরও ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর পণ করেছে সাকিব আল হাসানের দল। এমন না যে কেউ কাছে এসে বলে গেছে, ‘ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হারলেও আমরা পরের ম্যাচগুলোয় ফাটিয়ে দিব।’ প্রতিজ্ঞাটা আসলে এমনিতেই টের পাওয়া যায় অধিনায়ক সাকিবের মুখে, ‘এখানেই সব শেষ নয়। আমরা জানি, আমাদের ভালো খেলার সামর্থ্য আছে...।’ দলের প্রত্যেক খেলোয়াড়ের মনেই এখন এই বিশ্বাস।পরশু ম্যাচ শেষে বাংলাদেশ ড্রেসিংরুমে যখন নীরব মাতম, তখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন খেলোয়াড়েরা। কোচ জেমি সিডন্সের দেওয়া সূচি অনুযায়ী গতকাল আর আজ ছুটি থাকলেও আজকের ছুটিটা তাঁরা নিজেরাই বাতিল করে দিয়েছেন। কাল রাতে চট্টগ্রামে পৌঁছে আজ দুপুরেই অনুশীলনে নামবে দল। খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত দেখে ড্রেসিংরুমে থাকা বিসিবির এক কর্মকর্তা খুশি, ‘তাহলে তো ভালোই হয়...মানুষ দেখবে তোমরা সিরিয়াস...।’ কথাটায় অপমানিত বোধ করলেন খেলোয়াড়েরা। দু-একজন তো নাকি বলেও ফেললেন, লোক দেখানোর জন্য নয়, অনুশীলনটা নিজেদের জন্যই করতে চান তাঁরা। ইংল্যান্ড ম্যাচের আগে একটা দিন বেশি খাটলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভুলগুলো আরও ভালোভাবে দূর করা সম্ভব।এ রকম আরও কিছু উপলব্ধিও কাজ করছে ক্রিকেটারদের মধ্যে। পরশু ম্যাচ শেষে ড্রেসিংরুমের ঘটনা। মনের দুঃখে এক ক্রিকেটার নাকি বলছিলেন, ‘১০ বছর ধরে ক্রিকেট খেলছি আর গালি শুনছি। কী লাভ খেলে? আমি কি কিছুই করিনি...?’ তাঁকে সান্ত্বনা দিতে আগের রাতেই পড়া একটা উপন্যাসের প্রসঙ্গ টানলেন আরেক ক্রিকেটার। উপন্যাসে নাকি পোকা কেন মানুষকে কামড়ায় তার একটা ব্যাখ্যা দেওয়া আছে। পোকা কোনো রাগ, ক্ষোভ বা হতাশা থেকে মানুষকে কামড়ায় না। পোকার স্বভাবই হচ্ছে কামড়ানো, তাই কামড়ায়। কাজেই লোকজনের সমালোচনাটাকে ‘পোকার কামড়’ ধরে নিয়ে পাল্টা রাগ না দেখানোই ভালো।এসব উপলব্ধির বাইরে ৫৮ রানে অলআউটজনিত একটা ‘আত্মবিশ্বাস’ও লক্ষ্য করা যাচ্ছে দলটার মধ্যে। দলের সবাই যেহেতু একই যন্ত্রণায় ক্লিষ্ট, সবার যন্ত্রণামুক্তির ওষুধও একই—ভালো খেলা। এবং তা করতে খেলোয়াড়দের বেশ দৃঢ় এবং প্রতিজ্ঞ মনে হচ্ছে বাংলাদেশ দলের ভারতীয় মনোবিদ সৌমেন্দ্র সাহার কাছে, ‘সব খারাপেরই একটা ভালো দিক থাকে। ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের ভালো দিক বোধ হয় এটা যে দলটা এখন আরও বেশি একতাবদ্ধ। সবাই মিলে একটা কিছু করে দেখানোর তাড়নায় তাড়িত মনে হচ্ছে সবাইকে।’ নাম প্রকাশ না করার শর্তে দলের এক সিনিয়র ক্রিকেটারও মানলেন কথাটা। ঘুরে দাঁড়ানোর শপথ তাঁর কণ্ঠে, ‘আমাদের সবার লক্ষ্যই এখন এক—ফিরে আসতে হবে। একটা ম্যাচ খারাপ খেলে ফেললেও আমরা সবাই ঠিকই আছি, প্রয়োজন শুধু বাইরের সমর্থন।’চট্টগ্রামে সেই সমর্থনটাই চায় গোটা দল।