ঘুরে দাঁড়াবেন নাদাল
হাঁটুর চোট কাটিয়ে ফিরেছিলেন রাজার মতো। টানা নয়টি টুর্নামেন্টের ফাইনালে খেলে জিতেছিলেন সাতটিতেই। ফ্রেঞ্চ ওপেনে তো বরাবরের মতোই অপ্রতিরোধ্য ছিলেন। কিন্তু উইম্বলডনে প্রথম দিনেই এমন হবে সেটা কে ভাবতে পেরেছিল? টেনিস-বিশ্ব হতভম্ব হয়ে দেখল বিশ্বের ১৩৫ নম্বর খেলোয়াড় স্টিভ ডারসিসের কাছে নাদালের অসহায় আত্মসমর্পণ। ১২ বারের গ্র্যান্ড স্লামজয়ীকে বিদায় নিতে হলো প্রথম রাউন্ডেই। উইম্বলডন শেষ হয়ে গেছে। সামনের মাসেই ইউএস ওপেন। নাদাল আসলে কতটুকু তৈরি বছরের শেষ গ্র্যান্ড স্লামের জন্য? হাঁটুর পুরোনো চোট কি এখনো ভোগাচ্ছে তাঁকে? নাদাল-ভক্তদের জন্য আশার কথাই শুনিয়েছেন তাঁর চাচা ও কোচ টনি নাদাল, ‘রাফা ঘুরে দাঁড়াবে। হার্ড কোর্টে খেলার ব্যাপারে সে ভীত নয়। এখন তো তার হারানোর কিছুই নেই।’ জানিয়েছেন, এখন শুধু শারীরিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন নাদাল, ‘এখন সে শুধু শারীরিক অনুশীলন করছে। আপাতত র্যাকেট ধরছে না। বিরতিটা তার দরকার ছিল। সে আসলে অনেক খেলে ফেলেছিল।’আগামী ৫ আগস্ট মন্ট্রিয়ল মাস্টার্স দিয়ে আবার কোর্টে ফিরবেন নাদাল। ইউএস ওপেন শুরুর আগে খেলবেন ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিনসিনাটি ওপেনেও। এএফপি।