আরেকটি নকআউট ম্যাচ। আবার ডেল স্টেইনকে নিয়ে শঙ্কা। কাল এবি ডি ভিলিয়ার্সের সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি উচ্চারিত দুটি শব্দ তাই ‘চোক’ ও ‘স্টেইন’। সংবাদ সম্মেলনে অবশ্য চোক করলেন না ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক আত্মবিশ্বাসী, দলও এবার ‘চোক’ করবে না। আশাবাদী, শেষ পর্যন্ত স্টেইনকে পাওয়া যাবে।‘চোক’ নিয়ে ডি ভিলিয়ার্সের আত্মবিশ্বাসের উৎস হতে পারে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টি, ডাকওয়ার্থ-লুইস, টাই—ঐতিহাসিক সব প্রতিপক্ষকে হারিয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাতেও কি ‘চোক’ শব্দটা পিছু ছাড়ে দক্ষিণ আফ্রিকার! বলা হচ্ছে, ওই ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ হলেও সত্যিকারের নকআউট ম্যাচ তো সেমিফাইনাল! বুঝুন, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার জ্বালা! পূর্বসূরিদের ব্যতিক্রম হয়ে ডি ভিলিয়ার্স গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হেঁটেছিলেন অন্য পথে। সাহসী কণ্ঠে বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা চোকার।’ চাপকে দূরে ঠেলার ওই পথে হেঁটেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো হয়নি। তবে নকআউট ম্যাচে ‘চোক’ করাটাই যখন প্রত্যাশিত, এত দিনে সেটা আর চাপ থাকার কথা নয়। হারলে বড়জোর আরেকবার চোকার্স বলা হবে, এই তো!আইসিসি টুর্নামেন্টের সঙ্গে ইংল্যান্ডের শত্রুতাও ঐতিহাসিক। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বন্ধ্যাত্ব কেটেছে বটে। তবে অনেকবার হাতছোঁয়া দূরত্বে গিয়েও শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি কোনো ওয়ানডে টুর্নামেন্টের ট্রফি। এই টুর্নামেন্ট, এই ওভালও ইংলিশদের এমন একটি দীর্ঘশ্বাসের সাক্ষী। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জয়ের সুবাস পেতে পেতেও তা হারিয়ে ফেলেছিল মাইকেল ভনের ইংল্যান্ড। নবম উইকেটে ৭১ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দিয়েছিলেন কোর্টনি ব্রাউন ও ইয়ান ব্র্যাডশ। অ্যালিস্টার কুকের ইংল্যান্ড আজ আক্ষেপটা ঘোচানোর শেষ ধাপে পৌঁছাতে পারে সেই ওভালেই।অস্ট্রেলিয়ার সঙ্গে অনায়াস জয়, বড় স্কোর গড়েও শ্রীলঙ্কার কাছে হার, নিউজিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়—এই হলো ইংল্যান্ডের এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে যা ভাবা হচ্ছিল, পারফরম্যান্সে পড়েছে উল্টো প্রতিফলন। কেভিন পিটারসেন না থাকলেও ব্যাটিংটা দারুণ হচ্ছে। কুক-বেলের উদ্বোধনী জুটি জমে গেছে, তিনে ট্রট বড় এক নির্ভরতার নাম। বিস্ময় উপহার দিয়েই যাচ্ছেন রুট, মরগান-বাটলার-বোপারা নিজেদের দিনে উড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষের বোলিং আক্রমণ। বোলিংটাই বরং এখনো পর্যন্ত নিষ্প্রভ। ইংল্যান্ডের সঙ্গে বেমানান রকম শুষ্ক উইকেটে বল সুইং করাতেই নাকাল হচ্ছেন ইংলিশ পেসাররা। এর মধ্যে আবার বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন নিজেদের দেশেরই সাবেক অধিনায়ক ও পেসার বব উইলিস। সব মিলিয়ে আজ একটু চাপেই থাকবেন অ্যান্ডারসন-ব্রডরা।চোটের কারণে স্মিথ-মরকেল নেই। তার পরও স্টেইন খেললে দক্ষিণ আফ্রিকার দুর্বল দিক খুঁজে পাওয়া মুশকিল। তবে প্রোটিয়াদের সবচেয়ে বড় প্রতিপক্ষ যথারীতি নিজেরাই। নকআউট ম্যাচ বলে কথা! ওয়েবসাইট।