ঘুরেফিরে আসছে ‘মাঙ্কিগেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া, ভারত, সিডনি—এই তিন মিলে চার বছর আগে জন্ম দিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টেস্টগুলোর একটি। আম্পায়ারদের দৃষ্টিকটু কিছু ভুল, মাত্রাতিরিক্ত আবেদন, দুই দলের ক্রিকেটারদের যুদ্ধংদেহী আচরণ আর সব ছাপিয়ে বর্ণবাদ বিতর্ক। সেই সিডনিতেই এবার সাজ-সাজ রব, চারদিকে উৎসবের আবহ। ইতিহাসের তৃতীয় ভেন্যু হিসেবে টেস্ট খেলার সেঞ্চুরি হচ্ছে এই মাঠের। অনেক ইতিহাসের সাক্ষী মাঠটি অপেক্ষা করছে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিকে বরণ করে নেওয়ার জন্যও। তার পরও ঘুরেফিরে আসছে চার বছর আগের সিডনি, ‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারি আর টেন্ডুলকারের প্রশ্নবিদ্ধ সাক্ষ্য।অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন, ভারতীয় স্পিনার হরভজন সিং তাঁকে ‘বানর’ বলেছে। ক্রিকেটে এটা কুখ্যাত হয়ে আছে ‘মাঙ্কিগেট কেলেঙ্কারি’ নামে। ম্যাচ রেফারি মাইক প্রক্টর বর্ণবাদের দায়ে তিন টেস্টের জন্য বহিষ্কার করেছিলেন হরভজনকে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ভারত, হুমকি দিয়েছিল সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাওয়ার। আপিলের পর অবশ্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিয়েই পার পেয়ে যান হরভজন। ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টেন্ডুলকারের সাক্ষ্যের। ম্যাচের ওই ঘটনার সময় হরভজনের সঙ্গে উইকেটে ছিলেন টেন্ডুলকার।ডেইলি টেলিগ্রাফ-এর দাবি, অ্যাডাম গিলক্রিস্ট তাঁর প্রকাশিতব্য বইয়ে তদন্তটাকে বলেছেন স্রেফ প্রহসন, ‘প্রথম শুনানিতে টেন্ডুলকার বলেছিল সে অনেকটা দূরে ছিল, তাই হরভজন কী বলেছে এটা শুনতে পারেনি। আমি নিশ্চিত, সে সত্য কথাটাই বলেছিল। হরভজনকে সমর্থন দিতে গিয়ে পরে ও বলল, হরভজন মাঙ্কি জাতীয় কিছু বলেনি। স্রেফ হিন্দিতে একটা গালি দিয়েছিল যেটা অস্ট্রেলিয়ানদের কাছে মাঙ্কির মতো শোনা গেছে। ভারতীয়রা যতভাবে সম্ভব হরভজনের পাশে দাঁড়িয়েছে, অথচ উচিত ছিল বর্ণবাদের ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা।’ ওই সময় অস্ট্রেলিয়ান পত্রপত্রিকাগুলোয় লেখা হয়েছিল অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও দর্শক টেন্ডুলকারের ওপর শ্রদ্ধা হারিয়ে ফেলেছে।এবার উৎসবের উপলক্ষ আছে, তবে আবারও বিতর্কের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দুই অধিনায়ক অবশ্য আশাবাদী, এবার এমন কিছু হবে না। ডেইলি টেলিগ্রাফ-এ নিজের কলামে মাইকেল ক্লার্ক লিখেছেন, ‘দুই দলের ভেতরের বরফ গলতে অনেকটাই সহায়তা করেছে আইপিএল। আগে হয়েছে সেসব এখন অতীত। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এখন আমাদের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে ভালো।’ কোনো প্রকার বিতর্কে জড়াতে চান না মহেন্দ্র সিং ধোনিও, ‘সে সময় কেউ কেউ ভুল করেছিল। এসব এমন কিছু, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যা মোটেও করতে চাই না। লোকে আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা তাই চেষ্টা করব, নিজেদের বিতর্কমুক্ত রাখতে।’শেষ পর্যন্ত সবার চাওয়াই এটাই—তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে ব্যাটে-বলে, কিন্তু দুই দলের আচরণে নয়। ওয়েবসাইট।