ঘুরেফিরে সেই শাহাদাতই যাচ্ছেন শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক হলো তিন দফা। তবে এত নাটকের পর নাজমুল হোসেনের বিকল্প শেষ পর্যন্ত শাহাদাত হোসেনই। শ্রীলঙ্কায় ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে আজ দুপুরেই বিমানে ওঠার কথা এই পেসারের।পরশু বিসিবি প্রথমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, হাঁটুর চোটের কারণে রোববার (আজ) দেশে ফিরে আসবেন ওয়ানডে সিরিজের আগে দলে যোগ দেওয়া নাজমুল হোসেন। তাঁর জায়গা নেবেন শাহাদাত। আগামীকাল অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন, এমনটাই বলা হয়েছিল সংবাদ বিজ্ঞপ্তিতে। কিছুক্ষণ পরই আসে ‘সংশোধনী’ এবং তাতে অনুরোধ করা হয়, আগের সংবাদ বিজ্ঞপ্তি থেকে নাজমুলের বদলি হিসেবে শাহাদাতের দলে যোগ দেওয়ার অংশটি বাদ দিতে হবে। কারণ বদলি খেলোয়াড় তখনো চূড়ান্তই হয়নি। নির্বাচক কমিটি সেটা ঠিক করবে পরদিন (গতকাল)।তবে কাল প্রধান নির্বাচক আকরাম খান নতুন কিছুই বললেন না। বলেছেন আগেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো শাহাদাতের নাম, ‘নাজমুলের জায়গায় শাহাদাত যোগ দেবে ওয়ানডে দলের সঙ্গে।’ শাহাদাতই যদি যাবেন, পরশু প্রথম সংবাদ বিজ্ঞপ্তি থেকে তাঁর অংশটুকু প্রত্যাহার করা হলো কেন? প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘তখনো তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত নিয়েছি আজ (গতকাল) সকালে। আমাদের কাছ থেকে কনফার্মেশন না নিয়েই ওই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’ আকরামের দাবি, বিকল্প হিসেবে শাহাদাত ছাড়া তাঁদের চিন্তায় ছিলেন আরও তিন পেসার রবিউল ইসলাম, ফরহাদ রেজা আর সাজেদুল ইসলাম। ‘শেষ পর্যন্ত শাহাদাতকে বেছে নেওয়ার কারণ সে মাত্রই শ্রীলঙ্কায় খেলে এসেছে। ওর অভিজ্ঞতাও বেশি’—বলেছেন আকরাম।নতুন করে শাহাদাতের নাম ঘোষণার পর পুরোনো আরেকটা প্রশ্ন উঠছে আবারও—নাজমুলের পরিবর্তক যদি শাহাদাতই হবেন, টেস্ট সিরিজ শেষে তাঁকে দেশে ফেরত পাঠনো হলো কেন? আকরামের উত্তর, ‘নাজমুল যে খেলতে পারবে না সেটা আমরা জেনেছি শুক্রবার (পরশু) বিকেল চারটায়। ততক্ষণে তো শাহাদাত দেশে চলে এসেছে। আর শ্রীলঙ্কায় নাকি ফিজিও প্রথমে বুঝতে পারেনি নাজমুলের এ অবস্থা হবে।’পরীক্ষার কারণে এনামুল হকও (বিজয়) সিরিজ শেষ না করেই দেশে ফিরতে পারবেন বলে শোনা যাচ্ছিল কাল। তবে প্রধান নির্বাচক সেটা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমাকে এ রকম কিছু কেউ বলেনি।’