ঘুষ নিয়েছিলেন টিসেইরা!
২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দুর্নীতির অভিযোগ অনেকবারই উঠে এসেছে সংবাদমাধ্যমে। গত মাসে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছিল, ফিফার নির্বাহী কমিটির সদস্য থাকার সময় এক কাতারি কোম্পানি থেকে জ্যাক ওয়ার্নার ২০ লাখ ডলার নিয়েছিলেন। এবার টেলিগ্রাফ-এর জালে আটকা
পড়েছে আরও ‘বড় মাছ’। ২০১১ সালে ফিফার নির্বাহী কমিটির সে সময়ের প্রভাবশালী সদস্য রিকার্ডো টিসেইরাও নাকি প্রায় তিন লাখের বেশি ডলার নিয়েছেন, সেটিও এক কাতারি কোম্পানি থেকে।
টিসেইরার নেওয়া টাকাটা আসলে জমা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতির মেয়ের ব্যাংক হিসাবে। মেয়ে অ্যান্টোনিয়ার বয়স কত জানেন? মাত্র ১০! বোঝাই যাচ্ছে, বাবা রিকার্ডো কী উদ্দেশ্যে শিশুকন্যার ব্যাংক হিসাবে টাকাটা জমা রেখেছিলেন। ২০১১ সালে সেই টাকা জমা হয় রিও ডে জেনিরোর এক ব্যাংকে। পরের বছরেই ফিফার নির্বাহী কমিটি থেকে সরে দাঁড়ান টিসেইরা।
ওই টাকা যাঁর মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হয়েছে, সেই নামটাও যথেষ্ট বিস্ময়-জাগানিয়া।
বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল! কিন্তু রোসেলের সঙ্গে কাতার বিশ্বকাপের কী সম্পর্ক? এটা বড় প্রশ্ন। ২০১০ সালে বার্সেলোনার পৃষ্ঠপোষক হিসেবে রেকর্ড চুক্তি করে কাতার ফাউন্ডেশন। পরে কাতার এয়ারলাইনসের সঙ্গেও একটা চুক্তি হয় বার্সার।
রোসেল কীভাবে জড়ালেন, তা বোঝাই যাচ্ছে। তবে কাতারের পক্ষের আইনজীবীদের দাবি, রোসেল-টিসেইরার লেনদেনের সঙ্গে কাতার বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।
বিতর্ক আরও আছে। ফিফার নির্বাহী কমিটির সদস্য বেলজিয়ামের মিশেল ডি হুগের গায়েও লেগেছে কালির ছোপ। কাতারের এক হাসপাতালে কাজ করার সুযোগ পেয়েছেন তাঁর ছেলে মিশেল ডি হুগ। এই নিয়োগ কোনো আর্থিক সুবিধার বিনিময়ে কি না সেটি নিয়েও প্রশ্ন তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ওয়েবসাইট।