
টাইব্রেকারে প্রথম শটটিই মিস। অমন দুর্বল শট কীভাবে নিলেন মরিসিও পিনিলা? শট অমন হবে না! মাঝবিরতিতে ঘুষি খেলে কার মাথা ঠিক থাকে? চিলিয়ান ফরোয়ার্ডের দাবি, ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের মাঝবিরতিতে তাঁকে ঘুষি মেরেছেন প্রতিপক্ষ দলের যোগাযোগ পরিচালক রিদ্রগো পাইভা। ঘটনার সূত্রপাত বেলো হরিজন্তের মাঠের টানেলে। মাঝবিরতিতে দুদল বেরিয়ে যাওয়ার সময় নাকি চিলির গ্যারি মেদেলের পিঠে চাপড় মারেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। সেটা মজা করে হোক বা রাগ করে, দুদলের মাঝে হাতাহাতি-ধাক্কাধাক্কিও হয়। পিনিলার দাবি, তখনই একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন পাইভা। অবশ্য পাইভার দাবি, স্রেফ ধাক্কা দিয়ে পিনিলাকে সরিয়ে দিয়েছিলেন। এই ঘটনার জন্য পাইভাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। অর্থাৎ ব্রাজিল–কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে দায়িত্ব পালন করতে পারবেন না ব্রাজিল দলের এই কর্মকর্তা। ইয়াহু স্পোর্টস।