ঘুষের কথা তোলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে ইংল্যান্ড শক্তিশালী প্রার্থী। প্রচার-প্রচারণায়ও খানিক এগিয়ে তারা। কিন্তু তাদের সেই প্রচারণায় একটু মনে হয় কলঙ্কই লাগল। স্পেন ও রাশিয়ার বিরুদ্ধে ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগ তুলে সরে যেতে হলো ইংল্যান্ডের বিড চেয়ারম্যান লর্ড ডেভিড ট্রায়েসম্যানকে। ৬৬ বছর বয়সী ট্রায়েসম্যান শুধু বিড চেয়ারম্যানই ছিলেন না, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনেরও (এফএ) প্রেসিডেন্ট ছিলেন। পরশু এফএর প্রেসিডেন্টের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রায়েসম্যান। তাঁর বিপক্ষে অভিযোগ, ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনে অন্য দুই প্রার্থী স্পেন ও রাশিয়ার বিরুদ্ধে ঘুষ আদান-প্রদানের অভিযোগ এনেছিলেন তিনি!সানডে মেইল-এর প্রতিবেদনে ট্রাইয়েসম্যানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তাঁর এক সহকারীকে তিনি বলেছেন, স্পেন ২০১৮ বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারে, যদি রাশিয়া এবারের বিশ্বকাপে রেফারিদের ঘুষ দিতে সাহায্য করে। এর পরপরই এফএ বোর্ড জরুরি সভা ডাকে, আর পদত্যাগ করেন ট্রায়েসম্যান। পরে সম্পর্কের অবনতি রুখতে স্প্যানিশ ও রাশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চেয়ে ফ্যাক্সবার্তা পাঠায় ইংল্যান্ড ২০১৮ বিড কমিটি। তিনি বলেছেন, ‘বন্ধু ভেবে আমি যার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করলাম, সে-ই আমার অজান্তে সেটি রেকর্ড করল এবং একটি জাতীয় দৈনিককে দিয়ে দিল। এই বক্তব্যগুলো কখনোই খুব গুরুত্বের সঙ্গে নেওয়ার মতো নয়।’ এফএ বোর্ড সদস্য ডেভিড শিপসহ্যাঙ্কস ও রজার বার্ডেনকে এফএর যুগ্ম সভাপতির ভার দেওয়া হয়েছে, আর জিওফ টমসনকে করা হয়েছে বিশ্বকাপ বিড কমিটির নতুন সভাপতি। ইংল্যান্ড, রাশিয়া, যৌথভাবে স্পেন-পর্তুগাল এবং নেদারল্যান্ড-বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ২০১৮-এর আয়োজনের জন্য প্রার্থিতা জানিয়েছে। এএফপি।