ঘূর্ণি বলে উড়ে গেল কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসিক অফ স্পিন আর বাঁহাতি স্পিনের অপূর্ব প্রদর্শনী, জবাবে শিক্ষানবিশের মতো ব্যাটিং। যা হওয়ার তা-ই হলো। অশ্বিন-ওঝার স্পিনে খাবি খেতে খেতে ডুবল কিউইরা। বৃষ্টির কারণে তৃতীয় দিনে অর্ধেকের বেশি খেলা হয়নি। কালও খেলা শুরু হলো দুই ঘণ্টা দেরিতে। তার পরও ম্যাচ শেষ চা-বিরতির পরপরই। ইনিংস ও ১১৫ রানে জিতে ২ টেস্টের সিরিজে এগিয়ে গেল ভারত।স্মরণকালের দুর্বলতম দল নিয়ে ভারতে এসেছে নিউজিল্যান্ড। কাগজে-কলমের এই হিসাবের প্রমাণ মিলল পারফরম্যান্সেও। স্পিনের কোনো জবাবই জানা ছিল না কিউই ব্যাটসম্যানদের। ২০ উইকেটের ১৮টিই নিয়েছেন ভারতের দুই স্পিনার। দুই ইনিংসে ৬টি করে, মোট ৮৫ রানে ১২ উইকেট নিয়ে ম্যাচ-সেরা রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ভারতীয়র সেরা বোলিংও এটি। সব মিলিয়েই কিউইদের বিপক্ষে অশ্বিনের চেয়ে ভালো পারফরম্যান্স আছে আর মাত্র একটি—কোর্টনি ওয়ালশের ১৩/৫৫!অশ্বিনের অসাধারণ পারফরম্যান্সে ঢাকা পড়ে যাচ্ছেন প্রজ্ঞান ওঝা। নইলে ম্যাচে তাঁর ৯২ রানে ৬ উইকেটও যেকোনো বিচারেই দারুণ পারফরম্যান্স। দুই ইনিংসে বাকি ২ উইকেট উমেশ যাদবের। ক্যারিয়ারে এই প্রথম জহির খান এমন একটি টেস্ট খেললেন, যেটিতে ভারত জিতল কিন্তু তিনি উইকেট পেলেন না একটিও! নিউজিল্যান্ডের ব্যাটিং দুর্দশার সবচেয়ে বড় প্রমাণ স্কোরকার্ডই। তবে ১৫৯ ও ১৬৪—দুই ইনিংসের রানসংখ্যাও ঠিক পুরোটা বোঝাতে পারছে না। স্পিনের বিপক্ষে স্রেফ অসহায় মনে হয়েছে কিউই ব্যাটসম্যানদের। কাল অবশ্য কিছু সময়ের জন্য যেন নিজেদের পুরোনো সেই লড়াকু মেজাজটা খুঁজে পেয়েছিলেন তাঁরা। দ্বিতীয় উইকেটে দাঁতে দাঁত কামড়ে ৩১ ওভার কাটিয়ে দেন ম্যাককালাম ও উইলিয়ামসন। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ম্যাককালামের আউটে ভাঙে ৭২ রানের জুটি। ভাগ্যহারা হয়ে যেন পথহারাও হয়ে পড়ে কিউইরা। জুটিটা ভাঙার পরই চেপে বসেন দুই স্পিনার। ২৬ রানে নেই শেষ ৭ উইকেট!অশ্বিনের বৈচিত্র্যময় ফ্লাইট, টপ স্পিন আর ক্যারম বলের চাতুর্যময় ব্যবহারে দিশেহারা হয়ে পড়ে কিউই মিডল ও লোয়ার অর্ডার। রস টেলরকে যেভাবে ফ্লাইট ও টার্নে বোকা বানিয়ে বোল্ড করলেন, ওই বলটি করে গর্ব করতেন প্রসন্ন-ভেঙ্কটরাও। দুর্দান্ত ফিল্ডিংয়ে দুই স্পিনারকে সহায়তা করেছে ভারতের ক্লোজ ইন ফিল্ডাররাও। দ্রাবিড়-লক্ষ্মণ উত্তর যুগে প্রথম টেস্টে ব্যাটিংয়ে যেমন আশা জাগিয়েছেন চেতেশ্বর পূজারা, স্লিপে শূন্যতা পূরণের ইঙ্গিতও দিয়েছেন শেবাগ-কোহলি।গত মৌসুমে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন পেছনে ফেলার কাজটাও শুরু হলো দাপুটে এই জয়ে। আর দেশের মাটিতে ১৩ টেস্ট জিতে অধিনায়ক ধোনি ছুঁলেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। ওয়েবসাইট।