ঘূর্ণিবলেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যে ঘুষি ছুড়েই জাহানারাকে নিয়ে ড্রেসিংরুমের দিকে ছুটলেন রিতু মণি। উল্টো দিক থেকেও ছুটে আসল একটা স্রোত। মাঝমাঠে বিজয় সম্মিলন। যেন অনেক বড় কোনো উপলক্ষ উদ্যাপনের উৎসব।বড় উপলক্ষ তো বটেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই জয়। প্রথম আন্তর্জাতিক ওয়ানডের মতো জয় এল দেশের মাটিতে খেলা দ্বিতীয় ওয়ানডেতে। আয়ারল্যান্ডে ব্যর্থ সফর শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা জানালাও বলতে পারেন বাংলাদেশ মহিলা দলের এই জয়কে। কিন্তু শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কালকের ২ উইকেটের জয় শুধু এসব কারণেই উৎসবের উপলক্ষ হয়নি। হলো, কারণ মাত্র ৭৬ রান তাড়া করার এই ম্যাচে সালমা খাতুনের দল হারতেও পারত।জিততে হলে ৭৬ রান দরকার। ৫০ ওভারের এমন ম্যাচ হেসেখেলেই জেতা উচিত। অথচ হেসেখেলে দূরে থাক, কানের পাশ দিয়ে গুলি গেল বাংলাদেশের মেয়েদের। মাত্র ৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কম্পমান ইনিংসটা ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত পেন্ডুলামের মতো দোলাল বাংলাদেশ দলের ভাগ্যকে। বাংলাদেশের মেয়েরা দেখাল ৭৬ রানের ম্যাচও কতটা রুদ্ধশ্বাস হতে পারে!আসলে শুরুতেই হোঁচট খাওয়ার পর পরের ব্যাটসম্যানরা এতটাই খোলসের ভেতর ঢুকে পড়েছিলেন, সেখান থেকে বের হওয়াই মুশকিল হয়ে দাঁড়ায়। দলের ৫০ রান হতেই লেগেছে ১৪৪ বল! কখনো কখনো তো রানের গতির চেয়ে উইকেট পড়ার গতিই বেশি হয়ে দাঁড়াচ্ছিল! ৬০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচটা জিততে পারত যে কেউ। শেষ পর্যন্ত সেই দলটার নাম বাংলাদেশ দুটি ব্যতিক্রমের কারণে। আট ব্যাটসম্যানের দুই অঙ্কের রানে না পৌঁছানোর ম্যাচে লতার ৩১ আর রিতুর অপরাজিত ১২ তো ব্যতিক্রমই। ম্যাচ শেষে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমাও সহজ ম্যাচ কঠিন করে জেতায় দুষলেন ব্যাটিং-ব্যর্থতাকে, ‘ওরা যে ভুল করেছে, আমরাও একই ভুল করেছি। আমাদের ব্যাটিং লাইনআপ দুর্বল হয়ে পড়েছে। লতা ছাড়া অন্যরা ঠিকভাবে ব্যাটিং করতে পারিনি। এত উইকেট পড়া দুঃখজনক।’অথচ বোলারদের হাত ধরে কি দারুণ শুরুই না হয়েছিল সকালে! বাংলাদেশি স্পিনের সামনে দাঁড়াতেই পারছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। সালমা ও জাহানারা একটি করে উইকেট নিয়ে শুরুটা ভালো করে দিয়েছিলেন। এরপর অফ স্পিনার খাদিজাতুল কুবরা করেছেন আসল কাজটা। তাঁর বোলিং বিশ্লেষণটা দুর্দান্ত: ৮-৩-৮-৩! লেগ স্পিনার রুমানা আহমেদ নিয়েছেন শেষ ৩টি উইকেট। ম্যাচ শেষে হিসাব না মেলাতে পারার হতাশায় পুড়ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন ডু প্রিজ, ‘উপমহাদেশে আসার আগে আমরা জানতাম না এখানকার কন্ডিশন কেমন, এখানে আসলে কী অপেক্ষা করছে আমাদের জন্য। ধারণা ছিল, উইকেটে বল একটু নিচু হয়ে আস্তে আসবে। কিন্তু আজ (গতকাল) দেখলাম বেশ কয়েকটা বল লাফিয়ে উঠছে।’ বাংলাদেশের মেয়েদের প্রশংসাও শোনা গেল তাঁর কণ্ঠে। তবে শেষ দায়টা নিলেন নিজেদের ওপরই, ‘ক্যাচ ম্যাচ জেতায়। কিন্তু আমাদের হাত থেকে আজ (গতকাল) বেশ কিছু ক্যাচ পড়েছে। এ ছাড়া ১৭ রান অতিরিক্ত দিয়েছি আমরা। এটাই পার্থক্য তৈরি করে দিয়েছে। নয়তো শেষটা অন্য রকমও হতে পারত।’ডু প্রিজ হেরে খুশি নন। সালমা খুশি নন জিতেও। দুই অধিনায়কই প্রতিশ্রুতি দিলেন আজ অন্য রকম কিছু করার। ‘রুদ্ধশ্বাস’ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কি সে রকমই কিছু অপেক্ষা করছে!