ঘোর কাটছে না গোটশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও গোটশে
মারিও গোটশে

ম্যাচ শেষে টিভি ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল তাঁকে। চোখেমুখে খেলা করছে স্বর্গীয় তৃপ্তির আভা। চওড়া হাসিটা বলে দিচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সুখী মানুষদের একজন তিনি। খানিক আগেই দলকে জিতিয়েছেন বিশ্বকাপ, এই মিলিয়ন ডলার দামের হাসি তো মারিও গোটশেকেই মানায়!
৮৮ মিনিটে মিরোস্লাভ ক্লোসাকে তুলে নেওয়ার সময় পুরো গ্যালারি করতালিতে মুখর। বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে যাচ্ছে একজন কিংবদন্তির, বিদায়ী অভ্যর্থনা তাঁর পাওনাই। কেউ খেয়াল করেনি, তখন গোটশেকে কিছু একটা বলছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। ‘আমি ওকে বলেছিলাম, সে পুরো বিশ্বকে দেখিয়ে দিক সে মেসির চেয়ে ভালো। বিশ্বকাপটা তুমিই জেতাতে পারো। তোমার সেই সামর্থ্য আছে’—পরে জানিয়েছেন লো। গোটশের চোয়াল হয়তো শক্ত হয়ে গিয়েছিল তখন। সামর্থ্যের কিছুই দেখাতে পারেননি, সুযোগ পেলে সেটা দেখাবেন।
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সেটা দেখালেন বটে। ১১৩ মিনিটে বাঁ দিক থেকে আন্দ্রে শুরলের ক্রসটা কী দারুণ দক্ষতায় না বুকে নিলেন। বাঁ পায়ের যে দুর্দান্ত ভলি করলেন, সেটা রোখার সাধ্য ছিল না সার্জিও রোমেরোর। টাইব্রেকারই যখন মনে হচ্ছিল নিয়তি, ভোজবাজির মতো হয়ে যাওয়া গোটশের গোলে জার্মানি তখন ভাসছে উৎসবে।
ম্যাচের পর গোটশের প্রতিক্রিয়াতেই বোঝা গেল ঘোর কাটেনি পুরোপুরি, ‘অবিশ্বাস্য একটা অনুভূতি। আমি জানি না কীভাবে এটার বর্ণনা দেব। বলটা শুধু মেরে দিলাম, এরপর কী হলো কিছুই জানি না। আর ম্যাচের শেষে দলের সবার সঙ্গে পার্টি, পুরো দেশের সঙ্গে...এটা আমাদের কাছে স্বপ্নপূরণের মতো। আমি তো বলব, এটা অবর্ণনীয় একটা মুহূর্ত। ও হ্যাঁ, ট্রফিটা আমাদের প্রাপ্যই ছিল।’
এমন একটা গোল করেছেন, যেটার গল্প বলা হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই গোল পেতে কত মরিয়া ছিলেন, সেটা শুধু গোটশেই জানেন। এই বিশ্বকাপে তো নিজেকে একদমই প্রমাণ করতে পারছিলেন না। প্রায় স্ট্রাইকারবিহীন জার্মানিতে লো শুরুর দিকে ‘ফলস নাইন’ হিসেবে খেলিয়েছিলেন গোটশেকেই। ঘানার সঙ্গে একটা গোলও করেছিলেন, কিন্তু নিজেকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না। নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালেই নিজেকে আবিষ্কার করলেন বেঞ্চে। সেমিফাইনালে ব্রাজিলকে পেয়ে সবাই যেভাবে গোলের খেলায় মেতে উঠল, গোটশে সেদিন গোল করা দূরে থাক, মাঠেই নামার সুযোগ পেলেন না। এমনি এমনি তো আর বলেননি, ‘আমার জন্য বছরটা খুব ভালো যায়নি। টুর্নামেন্টটাও। পরিবার ও প্রেমিকার কাছে আমার অনেক ঋণ, তারা সব সময় আমার ওপর ভরসা রেখেছিল।’
বয়স মাত্র ২১ বছর, তবে তাঁকে জার্মান দলের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছিল কয়েক বছর ধরেই। ২০১০ সালে উয়ি সিলারের পর কনিষ্ঠ জার্মান হিসেবে জাতীয় দলে অভিষেক হয়েছিল। গোটশের বয়স তখন মাত্র ১৮ বছর। ২০১১ সালে অস্ট্রিয়ার সঙ্গে গোল করে হয়ে গেলেন সে সময় জার্মানির সর্বকালের কনিষ্ঠ গোলদাতা। এর মধ্যেই ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে জিতে ফেলেছেন টানা দুটি বুন্দেসলিগা। গত মৌসুমে তিন কোটি ৭০ লাখ ইউরো দিয়ে তাঁকে নিয়ে এল বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের হয়ে অভিষেক মৌসুমে ১৫টি গোল করেছেন, করিয়েছেন ১৪টি। তার পরও গোটশে এখনো গার্দিওলার বায়ার্নে অপরিহার্য নন। পরশুর ফাইনালের পর হয়তো তাঁর জায়গা নিয়ে আর সংশয় থাকবে না। এএফপি, ইয়াহু স্পোর্টস।