ঘোর সংকট আবার সুযোগও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে ম্যাচ ফিক্সিং
বিপিএলে ম্যাচ ফিক্সিং

লন্ডনের যে হোটেলে দুই ফাস্ট বোলার লারউড-ভোস এবং তাঁদের কাউন্টি অধিনায়ক আর্থার কারকে নিয়ে বডিলাইনের চূড়ান্ত পরিকল্পনা করেছিলেন ইংলিশ অধিনায়ক ডগলাস জার্ডিন, ক্রিকেট ইতিহাসে বিখ্যাত (বা কুখ্যাত) হয়ে আছে সেই পিকাডিলি হোটেল। র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের নামটিও একইভাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খোদাই হয়ে গেল কাল।
এই হোটেলেই যে উন্মোচিত হলো বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ। হোটেলটা বড় ব্যাপার নয়, র‌্যাডিসন না হয়ে এটি অন্য কোনো হোটেলও হতে পারত। পিকাডিলির বদলে যেমন অন্য কোনো হোটেলেও বসতে পারতেন জার্ডিন। কিন্তু বডিলাইন প্রসঙ্গে যেমন উচ্চারিত হয় পিকাডিলি হোটেলের নাম, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারি প্রসঙ্গেও র‌্যাডিসনের নাম নিশ্চিত মনে পড়ে যাবে। বিপিএলে ফিক্সিং নিয়ে বাংলাদেশে আকসুর তদন্ত-প্রক্রিয়ার পুরোটাই হয়েছে এই হোটেলে। সেই তদন্তের ফলাফলও জানানো হলো সেখানেই। যা জানতে কাল বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গিজগিজে ভিড়। সেই ভিড়ের অংশ হয়ে কাকতালীয় একটা মিলও মনে এল—এক অর্থে বিপিএলের যাত্রা শুরুও তো এই র‌্যাডিসনেই। ২০ মাস আগে এখানেই নিলাম হয়েছিল প্রথম বিপিএলের।

বিপিএল জাতীয় টুর্নামেন্টগুলো যে জুয়াড়িদের মৃগয়াক্ষেত্র—এটা এখন প্রতিষ্ঠিত সত্য। যেখানে জুয়াড়িদের আনাগোনা, সেখানেই লোভের ফাঁদ। সেই ফাঁদে খেলোয়াড়-কর্মকর্তাদেরও অনেকেই যে পা দেবেন, এটাও মোটেই অভাবনীয় কিছু নয়। যে ফিক্সিংয়ের বিষ অনেক দিন ধরেই কুরে কুরে খাচ্ছে ক্রিকেটকে, বাংলাদেশকে তা স্পর্শ করবে না—এটা ভাবাই তো বোকার স্বর্গে বাস করার শামিল। যা হওয়ার কথা, তা-ই আসলে হয়েছে।

তবে এক দিক থেকে বিপিএলকে ‘আশীর্বাদ’ও বলতে পারেন। বিপিএলের কল্যাণেই তো উন্মোচিত হলো বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ। কালকের দিনটিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘কালো দিন’ বলতে গিয়েও যেমন মনে হচ্ছে, দিনটি কি আসলে শুধুই দুঃখের? চাইলে কি এর মধ্যে ‘ভালো কিছু’ খুঁজে পাওয়াও সম্ভব নয়?

এর মধ্যে আবার ‘ভালো কিছু’ থাকে কীভাবে? আছে তো! বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ফিক্সিং কেলেঙ্কারি যেমন ঘোর সংকট হয়ে এসেছে, তেমনি বড় একটা সুযোগ হয়েও। উটপাখির মতো বালুতে মুখ গুঁজে না থেকে সুযোগ এসেছে দুর্নীতির ব্যাপারে বিসিবির ‘জিরো টলারেন্স’-এর ঘোষিত নীতি বাস্তবে রূপ দেওয়ার।

বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির হাজারো সমালোচনা থাকতে পারে, তবে এই একটা ক্ষেত্রে তাদের সাধুবাদ জানাতেই হয়। প্রথম বিপিএলেও ফিক্সিং নিয়ে হইচই হয়েছিল, সেটিকে ধামাচাপা দেওয়া হয়েছে। দ্বিতীয় বিপিএলে বিসিবির এই অস্থায়ী কমিটি শুধু বিপুল অর্থ ব্যয় করে আকসুকে সম্পৃক্তই করেনি, তদন্তকাজে তাদের পূর্ণ সহযোগিতা ও স্বাধীনতা দিয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এই একটা ক্ষেত্রে শুরু থেকেই অনমনীয় ও আপসহীন মনোভাবের পরিচয় দিয়ে আসছেন। সাধুবাদ তাই তাঁরও প্রাপ্য।

তবে সাধুবাদ জানানোটা আগেভাগেই হয়ে যাচ্ছে কি না, এটা একটা প্রশ্ন বটে। কেউ অপরাধী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাটা এখন বিসিবির দায়িত্ব। নিয়ম অনুযায়ী সেটি ট্রাইব্যুনালের মাধ্যমেই হবে। তবে নিশ্চিতভাবেই বিসিবির সদিচ্ছার বড় একটা ভূমিকা থাকবে সেখানেও।

বিপিএলকে ‘আশীর্বাদ’ বলছিলাম না, সেটি বলার আরও কারণ আছে। এই বিপিএলে ফিক্সিংয়ের ‘কেঁচো’ খুঁড়তে গিয়েই তো বেরিয়ে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের ক্রিকেটারদের জড়িত থাকার ‘সাপ’। যাতে প্রমাণিত বিপিএল-পূর্ব যুগেও বাংলাদেশের ক্রিকেট নিষ্কলুষ ছিল না। আশরাফুল নিজে জড়িত থাকার কথা বলেছেন, যেটির সূত্রে নাম বলেছেন আরও তিন সাবেক ক্রিকেটারের। বিপিএল নিয়ে তদন্তটা আইসিসি বিসিবির হয়ে করে দিয়েছে। আন্তর্জাতিক অংশটুকুর তদন্ত আইসিসির নিজস্ব উদ্যোগেই করার কথা। সেই তদন্তের ফলাফল হয়তো আরেকটি ঝড় তুলবে বাংলাদেশের ক্রিকেটে।

 সেটি যেদিনই উঠুক, ভবিষ্যৎ ক্রিকেটারদের এই অন্ধকার জগতে জড়িয়ে পড়ার অবশ্যম্ভাবী পরিণতি সম্পর্কে সচেতন করে তোলার এই সুযোগটা এখন থেকেই কাজে লাগাতে শুরু করুক বিসিবি। শুধু বিসিবিই নয়, রাষ্ট্রীয় পর্যায়েও এ নিয়ে করণীয় আছে। কদিন আগে রাহুল দ্রাবিড় যেমন বলেছেন, ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত, ফিক্সিংয়ের কালো থাবা থেকে বাঁচতে বাংলাদেশেও এ-সংক্রান্ত আইন প্রণয়ন করার কথা ভাবার সময় এসেছে। শুধু ক্রিকেট নয়, যেকোনো খেলাতেই ‘ফিক্সিং’ ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হলে কেউ এই অন্ধকার জগতে পা ফেলার আগে দশবার ভাববে। বিসিবির বর্তমান সভাপতি জাতীয় সংসদের সদস্য, সাবেক দুই সভাপতি মুস্তফা কামাল ও সাবের হোসেন চৌধুরীও। বাংলাদেশের ক্রিকেটের নিষ্কলুষ ভবিষ্যতের জন্য খুব জরুরি এই উদ্যোগটা নিতে সব মতভেদ ভুলে কি এক হতে পারেন না তাঁরা?