ঘোষণা আছে, পুরস্কার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণা দিতে দেরি হয়নি কখনোই। বাংলাদেশ দল জিতলে, কেউ সেঞ্চুরি করলে বা হ্যাটট্রিক করলে সঙ্গে সঙ্গেই ঘোষণা—অমুক ক্রিকেটারকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অত টাকা পুরস্কার দেবেন।
প্রতিশ্রুতির তালিকাটা এতই লম্বা হয়ে গেছে যে নিজের প্রতিশ্রুতি নিজেরই মনে রাখা মুশকিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের পক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাই পুরস্কারপ্রাপ্তদের তালিকা তৈরি করতে বিসিবিরও সাহায্য চাওয়া হয়েছে। সঙ্গে চাওয়া হয়েছে পুরস্কার প্রদানের জন্য সুবিধাজনক সময়ও।
ঘোষিত পুরস্কারগুলো তাৎক্ষণিকভাবে দিয়ে দিলে সরকারের মেয়াদের শেষ দিকে প্রতিশ্রুতির তালিকা হাতড়াতে হতো না। বিস্ময়কর হলেও সত্যি, ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষিত এক বছর আগের পুরস্কারও এখনো হাতে পাননি ক্রিকেটাররা। পুরস্কার জমতে জমতে গত এক বছরে তাঁর কাছে ক্রিকেটারদের ‘পাওনা’ ৩৫ লাখ টাকা! এক বছরেরই হিসাব দিতে হচ্ছে কারণ, তথ্য-উপাত্ত পাওয়া গেছে ওই সময়েরই। ক্রীড়া প্রতিমন্ত্রী এর আগেও পুরস্কারের ঘোষণা দিয়ে থাকলে সেই স্মৃতিতে সবারই ধুলোর আস্তরণ পড়েছে।
বিসিবি সূত্র এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ওয়ানডের হোম সিরিজ জেতায় বাংলাদেশ দলের ১৫ খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন আহাদ আলী সরকার। এ ছাড়া খুলনায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করায় এনামুল হককে (বিজয়) ও দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করায় আবুল হাসানকে ২ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে এক গল টেস্টেই আসে ৯ লাখ টাকার পুরস্কারের ঘোষণা। টেস্টে ১৯০ রানের ইনিংস খেলার জন্য মোহাম্মদ আশরাফুলকে ৩ লাখ টাকা, ডাবল সেঞ্চুরি করায় অধিনায়ক মুশফিকুর রহিমকে ৪ লাখ টাকা এবং ১০০ রান করায় নাসির হোসেনকে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন আহাদ আলী সরকার। ঘোষণা শুনেও পুরস্কার না পেলে কেমন লাগে জানতে চাইলে কাল টেলিফোনে নাসির বললেন, ‘ঘোষণা শুনলে সেই মুহূর্তে খুবই ভালো লাগে। কিন্তু পরে যখন পুরস্কারটা আর পাই না, তখন খারাপ লাগে। আর এ রকম ঘোষণা তো আমরাও দিই। মুশফিক ভাই প্রতি ম্যাচেই বলেন, যে সেঞ্চুরি করবে ১০ লাখ টাকা পুরস্কার দেব। আমি হয়তো বললাম, পাঁচ লাখ দেব। পরে তো আর দিই না...।’
ক্রিকেটারদের জন্য সর্বশেষ পুরস্কারের ঘোষণাটি সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের। চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮১ রান করে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা শোনেন মুমিনুল হক। ওই টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি এবং বল হাতে হ্যাটট্রিকসহ দুই ইনিংসে ৮ উইকেট নেওয়ায় সোহাগ গাজীর জন্য ঘোষিত পুরস্কারের অঙ্কটা ৩ লাখ টাকা। এ ছাড়া সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া রুবেল হোসেনকেও দেওয়ার কথা ২ লাখ টাকা।
পুরস্কার-ভাগ্যে ক্রিকেটারদের মতো অবস্থা গলফারদেরও। ২০১০ সালে ব্রুনাই ওপেন জেতায় গলফার সিদ্দিকুর রহমানের জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সিদ্দিকুর এবার হিরো ইন্ডিয়ান ওপেন জেতার পর ঘোষিত হয়েছে আরও ২ লাখ টাকার পুরস্কার। অথচ বাংলাদেশ গলফ ফেডারেশন জানিয়েছে, আগের টাকাটাই এখনো পাননি সিদ্দিকুর! আরেক গলফার সাখাওয়াত হোসেন তো টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। ২০১০ সালের এসএ গেমসে মৃত বাবাকে দাফন না করেই খেলতে চলে গিয়েছিলেন সাখাওয়াত, জিতেছিলেন সোনাও। সেদিনই হোটেলে গিয়ে আহাদ আলী সরকার দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন, নিয়মিত পুরস্কারের বাইরেও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে সোনাজয়ী গলফারকে। টাকা কি পেয়েছেন সাখাওয়াত? শুনুন তাঁর মুখ থেকেই, ‘ঘোষণা শুনেছি। কিন্তু আদৌ টাকা পাব কি না জানি না। আমি আশা ছেড়ে দিয়েছি।’
এ তো গেল খেলোয়াড়দের ‘পাওনা’র কথা। এ রকম নজির আছে আরও। গত বছরের জুনে এভারেস্ট বিজয়ী বাংলাদেশের চার পর্বতারোহীর প্রত্যেককে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা এলেও টাকাটা এখনো দেওয়া হয়নি। কাল টেলিফোনে এভারেস্টজয়ীদের একজন এম এ মুহিত বলেন, ‘২০১২ সালের ৩ জুন দেশে ফিরে টেলিভিশনের খবর শুনে জানতে পারলাম ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দেবেন। পরদিন পত্রিকাতেও একই খবর পড়লাম। কিন্তু আজ পর্যন্ত পুরস্কারের টাকা পাইনি।’
ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য: টেলিফোনে এসব বিষয়ে জানতে চাইলে কাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রথমেই বললেন, ‘আমি মাত্রই আমার পিআরওকে বললাম সিদ্দিকুরের চেক রেডি করতে।’ ক্রিকেটারদের পুরস্কারের ব্যাপারে তাঁর কথা, ‘আমার পক্ষ থেকে কয়েকবারই যোগাযোগ করা হয়েছে। কিন্তু ওরা (বিসিবি) সময় দিতে পারছে না। তবে শিগগিরই ক্রিকেটারদের টাকা দিয়ে দেওয়া হবে।’ এভারেস্টজয়ীদের পুরস্কারের ব্যাপারে প্রতিমন্ত্রীর বক্তব্য, ‘আমি চেক দিতে চেয়েছি। কিন্তু তাদের মধ্যেই সমস্যা। একে দিলে ও নেবে না, এ রকম অবস্থা।’