ঘোড়ার গাড়িতে আসবে সকার
ঢাকায় এসে প্রথমে ক্লাবের মধ্যেই তেমন গুরুত্ব পাননি। এমন তো কত বিদেশিই আসে বাংলাদেশে! তবে নিজেদের চেনাতে একটা ম্যাচের বেশি সময় নেননি তিন গাম্বিয়ান ফুটবলার ল্যান্ডিং দারোবি, কাব্বা জোবে, ম্যাথু মেন্ডি। ফেনী সকারকে তুলে এনেছেন স্বাধীনতা কাপের ফাইনালে। এই খেলোয়াড়দের হাত ধরে আগামীকাল মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ জয়ের স্বপ্ন দেখছে ফেনী সকার।
ফরোয়ার্ড ল্যান্ডিং ঢাকায় আসেন বুট ছাড়াই। ফেনী সকারের এক খেলোয়াড়ের বুট পরে প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে করেন দুই গোল। ওই ম্যাচ দেখেই ফেনী সকারের ফুটবলাররা বুঝতে পারলেন, গড়পড়তা নিম্নমানের বিদেশির ভিড়ে এই তিন গাম্বিয়ান একটু আলাদাই। ফেনী সকারের ইতিহাসে এই প্রথম বড় একটা সাফল্য এনে দিতে পারেন ল্যান্ডিংরা।
সকারের অধিনায়ক আকবর হোসেন রিদন তিন নবাগত বিদেশির প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, ‘ওরা যোগ দেওয়ার পর আমাদের দলটা বদলে গেছে। আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি চ্যাম্পিয়ন হব।’
রিদনদের সমর্থন দিতে ফেনী থেকে অনেকেই ফাইনাল দেখতে আসছেন ঢাকা। ঢাকায় ফেনীর বাসিন্দাদের অনেকেও আসতে পারেন। এত দিন কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্প থেকে রিকশায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসতেন সকারের ফুটবলাররা। ফাইনালে ঘোড়ার গাড়িতে খেলোয়াড়দের আনা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।