চকলেটকে বোমা ভেবেছিলেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকলেট বাক্স দেখে ভয় পেয়েছিলেন গিয়োরগোস!
চকলেট বাক্স দেখে ভয় পেয়েছিলেন গিয়োরগোস!

গ্রিক ক্লাব পায়োকের ডিফেন্ডার গিয়োরগোস সাবেলাসকের আত্মাটা কেঁপেই উঠেছিল! এক ট্যাক্সি-চালক বাক্স নিয়ে হাজির টিম হোটেলে। গিয়োরগোস তো বাক্সকে বোমা ভেবে সঙ্গে সঙ্গে পুলিশ-টুলিশ ডেকে অস্থির! পুলিশ দ্রুত ছুটে এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটি স্রেফ চকলেটের বাক্স! পায়োকোর এক নারী সমর্থক প্রিয় তারকাকে পাঠিয়েছেন এটি। আহা রে, ভালোবাসার প্রতিদান বুঝি এমন হয়! আগে জানলে ওই নারী বোধ হয় উপহারটাই পাঠাতেন না!
আসলে গিয়োরগাসকেও ‘দোষ’ দিয়েও লাভ নেই। কথায় বলে ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।’ গিয়োরগোসেরও হয়েছে তা-ই। গ্রিক কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পায়োক-অলিম্পিয়াকোসের ম্যাচে ব্যাপক সহিংসতা হয়েছিল।
ঘটনা এখানেই শেষ নয়। ঘোর প্রতিদ্বন্দ্বী অলিম্পিয়াকোসকে হারানোর পর গত সপ্তাহে এথেন্সের শহরতলিতে অবস্থিত গিয়োরগোসের রেস্তোরাঁয় কে বা কারা আগুনে বোমা ছোড়ে। এতে ক্ষয়ক্ষতি অবশ্য খুব একটা হয়নি। তবুও ভয়টা রয়ে গেছে মনে। এ কারণে ভক্তের পাঠানো চকলেট বাক্সকে বোমা মনে হয়েছিল গ্রিক ফুটবলারের! এএফপি।