চক্ষুদান করেছেন ‘টাইগার’ পতৌদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২০ বছর বয়সেই এক সড়ক দুর্ঘটনায় এক চোখ হারিয়েছিলেন মনসুর আলী খান পতৌদি। বাকি একটা চোখ দিয়েই তিনি শাসন করেছিলেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা বোলারদের। মৃত্যুর পর নিজের একমাত্র সচল সেই চোখটি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিত্সক সুমিত রায় এই চক্ষুদানের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। দিল্লির এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী ক্রিকেটার।এক সপ্তাহ আগে স্ত্রী শর্মিলা ঠাকুরকে এই চক্ষুদানের ইচ্ছা সম্পর্কে জানিয়েছিলেন পতৌদি। সুমিত রায় বলেছেন, ‘বৃহস্পতিবার সকালে শর্মিলা ঠাকুর আমাদের ব্যাপারটি জানান। তাঁর পরিবারের সম্মতিক্রমেই মৃত্যুর পর পতৌদির চক্ষু অপারেশন করা হয়েছে। তাঁর চোখ পুরোপুরি কর্মক্ষম অবস্থায় আছে এবং এটা যে কাউকে দান করা যাবে।’ পতৌদির চোখটি এখন হাসপাতালের চক্ষু ব্যাংকে সংরক্ষিত আছে।ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন টাইগার পতৌদি। গতকাল বৃহস্পতিবার ৭০ বছর বয়সে মারা যান ভারতের সর্বকনিষ্ঠ এই অধিনায়ক।— টাইমস অব ইন্ডিয়া