চটেছেন পাকিস্তানি ক্রিকেটাররা
কানাডার টরোন্টোতে একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল অধিনায়ক মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদিসহ পাকিস্তানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ক্রিকেটারের। ম্যাচের টিকিটও এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তবে বাধ সেঁধেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এনডিটিভির খবরে বলা হয়েছে, ১২ মে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু পিসিবি ক্রিকেটারদের সেখানে খেলার অনুমতি দেয়নি। এ ঘটনায় বোর্ডের ওপর চটেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।ক্রিকেটারদের অভিযোগ, পিসিবির পরিচালক ইন্তিখাব আলমের কাছে মৌখিকভাবে অনুমোদন চেয়েছিলেন তাঁরা। তখন সম্মতিসূচক জবাব দিয়েছিলেন ইন্তিখাব।এ ঘটনার জন্য দায়ী ক্রিকেটাররা এমনটা দাবি করে পিসিবির একটি সূত্র জানায়, অনাপত্তিপত্রের (এনওসি) জন্য কোনো ক্রিকেটারই বোর্ডের কাছে লিখিতভাবে আবেদন করেননি। এমনকি ওই ম্যাচ বা এর আয়োজক সম্পর্কে বিস্তারিত তথ্যও তাঁরা দেননি। পিসিবি জানায়, এ অবস্থায়, অনুমতি দেওয়া সম্ভব নয়।নাম প্রকাশ না করে বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ক্রিকেটাররা এখন সবকিছুর জন্য ইন্তিখাব আলমকে দুষছেন। অথচ দোষটা নিজেদের কাঁধেই নেওয়া উচিত তাঁদের। ইন্তিখাব যদি মৌখিকভাবে খেলোয়াড়কে অনুমতি দিয়েও থাকেন, লিখিত কিছু ছাড়া বোর্ডের পক্ষে অনুমতি দেওয়া সম্ভব নয়। কোনো ক্রিকেটারই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনাপত্তি চেয়ে আবেদন করার প্রয়োজনবোধ করেননি। এ অবস্থায় বোর্ডের কাছ থেকে কীভাবে অনুমতি প্রত্যাশা করেন ক্রিকেটাররা?বোর্ডের ওই কর্মকর্তা জানান, এখন বিদেশি কোনো লিগে খেলতে হলে বোর্ডের কাছে অনুমতি চেয়ে আবেদন করতে হয়। অনুমতি মিললেই কেবল সেখানে খেলতে পারেন ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ছিল। কোনো কাউন্টি দলের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য।বোর্ডের কাছে লিখিত আবেদন না করার কারণ হিসেবে ক্রিকেটাররা দুটি বিষয় তুলে ধরেছেন। প্রথমত, মিসবাহ ও আফ্রিদি বিজ্ঞাপনচিত্রের কাজে থাইল্যান্ডে থাকায় লিখিত আবেদন করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, ইন্তিখাব আলম ক্রিকেটারদের আশ্বস্ত করেছিলেন, তাঁর মৌখিক অনুমতিই যথেষ্ট। এ নিয়ে বোর্ডের সঙ্গে তিনি নিজে কথা বলবেন।