চটেছেন পিসিবি প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ম্যাচে নাটকীয় কিছু হলেই পাওয়া যায় ‘অন্যকিছুর’ গন্ধ! ম্যাচ পাতানোর নতুন অভিযোগ ওঠার পর তাই বেজায় চটেছেন পিসিবি প্রধান নাজাম শেঠি। এই অভিযোগকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের বোর্ড প্রধান। আইসিসি তদন্তের আহ্বানও জানিয়েছেন। আর পাতানোর বিরুদ্ধে অক্লান্ত যোদ্ধা রশিদ লতিফের প্রশ্ন, ‘সব সময়ই কেন পাকিস্তান?’
নতুন অভিযোগের খবরটি এসেছে মেইল অন সানডেতে। পত্রিকাটির খবর, সদ্য সমাপ্ত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি নিয়ে সন্দেহ আছে আইসিসির। বিশেষ করে টাই হওয়া তৃতীয় ম্যাচ নিয়ে। আতশিকাচের আলোয় আছে শেষ ম্যাচটিও। ওই ম্যাচের ব্যাটিংয়ের ধরন সন্দেহজনক নাকি মনে হয়েছে আইসিসির কাছে। প্রথম তিন ওভারে সেদিন ১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পত্রিকাটির দাবি, সিরিজটি নিয়ে আইসিসি তদন্ত করতে যাচ্ছে।
কাল পাকিস্তানের জিয়ো টিভিকে নাজাম শেঠি বলেছেন, ‘এসব ফালতু অভিযোগ। আইসিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা বলেছি, অবশ্যই তদন্ত করতে। খুব বেশি কিছু আমি এখনই বলতে পারছি না। এটুকু শুধু বলছি, আমি টিম ম্যানেজারকে ফোন করেছিলাম। সে বলেছে কয়েক দিন আগে পত্রিকা থেকে ফোন করে নানা তথ্য চাওয়া হচ্ছিল। ম্যানেজার আমাকে নিশ্চিত করেছে যে আইসিসির আকসুর একটি দল ক্যারিবিয়ানে ছিল। এখন এই অভিযোগের সত্যতা কতটা আছে বলা মুশকিল। তবে আপাতত এটা ডেইলি মেইল-এর একটি লেখা ছাড়া আর কিছুই নয়।’ এএফপি।