চট্টগ্রাম আবাহনীর নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হলো না মুক্তিযোদ্ধার। অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে গোল করে নাটকীয়ভাবে জিতে গেল চট্টগ্রাম আবাহনী (২-১)। শেষ বাঁশি শোনার অপেক্ষায় যখন সবাই, গোলমুখে চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার মিঠুন চৌধুরীর ঠেলে দেওয়া বল ক্লিয়ার করতে পারেনি মুক্তিযোদ্ধার রক্ষণ। এই সুযোগে মিঠুনের সতীর্থ রনি আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা তখন হতভম্ব। এর আগে ৬১ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। গোলটা অবশ্য তাদের উপহার দিয়েছেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার রাসেল আনসারি। গোলমুখে বল ফেলেছিলেন মিঠুন, ক্লিয়ার করতে এলোমেলো পা চালানো আনসারির পায়ে লেগে বল জালে। আত্মঘাতী গোল, তবে রেফারি গোল দিয়েছেন মিঠুনের নামের পাশেই। মুক্তিযোদ্ধা ১-১ করেছিল ফ্রিকিক থেকে নাইজেরিয়ান মিডফিল্ডার গ্রের করা দারুণ এক গোলে। ৭৩ মিনিটে আসে ওই গোল, যেটি সরাসরি জালে যায়। আগের ম্যাচে আরামবাগকে ৩-২ গোলে হারিয়ে একমাত্র জয় পাওয়া মুক্তিযোদ্ধা আবার ফিরে গেল পরাজয়ের ধারায়। অবনমন অঞ্চলে থাকা দলটির পয়েন্ট ৮ ম্যাচে ৪। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে চট্টগ্রাম মোহামেডানকে হারানো চট্টগ্রাম আবাহনী কাল পেল দ্বিতীয় জয়। যেটি এল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ৮ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৮। আজকের খেলা: আরামবাগ-বিয়ানীবাজার (সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।