চট্টগ্রাম-কক্সবাজার ঘুরে এল আইসিসির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়েই চট্টগ্রামে এল আইসিসির পর্যবেক্ষক দল। বিমানবন্দর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছার পর বৃষ্টি আরও বাড়ল। এর মধ্যেই মাঠে নেমে পড়লেন আইসিসির প্রধান কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন। সঙ্গে বিসিবির কিউরেটর জাহিদ রেজাও।
বৃষ্টিতেও মাঠে পানি জমতে না দেখে বিসিবির কিউরেটরকে নিজের সন্তুষ্টির কথা তাই মাঠেই জানিয়ে দিতে পারলেন অ্যাটকিনসন। পরে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলিও চট্টগ্রামের ভেন্যুর ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেন, ‘চট্টগ্রামে এর আগেও বিশ্বকাপের ম্যাচ হয়েছে। অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেও চট্টগ্রামের প্রস্তুতি ভালো। কাজের অগ্রগতি সন্তোষজনক।’ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল সমস্যা ছিল পানিনিষ্কাশন-ব্যবস্থায়। সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত বলে অতীতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পানিনিষ্কাশন-ব্যবস্থাকে আধুনিক করে তোলায় এখন আর সে সমস্যা নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়াও পর্যবেক্ষক দল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছে।
আইসিসির পর্যবেক্ষক দল কাল পরিদর্শন করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নির্মীয়মান কক্সবাজার স্টেডিয়ামও। কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সমুদ্রসৈকত-সংলগ্ন এই মাঠের কাজের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছেন পর্যবেক্ষক দলের সদস্যরা। তবে কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে টেটলি বলেছেন, ‘কাজের অগ্রগতি দেখে আমরা সন্তুষ্ট। আগামী ৩০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হলে কক্সবাজারে বিশ্বকাপের ভেন্যু হবে। যে গতিতে কাজ চলছে, তাতে কাজ সময়মতো শেষ হবে বলে আশা করছি।’