চট্টগ্রাম কিংসের ‘কিং’ মাহমুদউল্লাহ
একটা অডিও ভিজুয়াল দেখানো হলো। বনের রাজা সিংহের কতটা দাপট, আর তার ভয়ে কতটা সন্ত্রস্ত থাকে বনের পশু-পাখি। বিপিএলেও এমনই দাপট দেখাতে চায় চট্টগ্রাম কিংস। দলের মন্ত্র—আস্থা, সম্মান, শক্তি। তবে এই তিন মন্ত্র নিয়ে যথেষ্টই প্রশ্নের অবকাশ থাকল। কাল লোগো উন্মোচন ও দল পরিচিতি অনুষ্ঠানেই যে ছিলেন না দলের অধিনায়ক বা আইকন খেলোয়াড়!প্রধান কোচ খালেদ মাহমুদ জানিয়ে দিলেন দলের অধিনায়কের নাম—এক লাখ ১০ হাজার ডলারে কেনা মাহমুদউল্লাহ। রাজধানীর এক হোটেলে এই অনুষ্ঠান যখন চলছে, মাহমুদউল্লাহ তখন মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছেন। আর আইকন তামিম ইকবালের ম্যাচ পর দিন মানে আজ। দুজনের অনুপস্থিতি নিয়ে এই হলো মাহমুদের যুক্তি। দুজনের সময়ের সঙ্গে মিলিয়ে অনুষ্ঠান করা যেত কি না, এই প্রশ্ন তবু থেকে গেল। অধিনায়ক আর আইকন ছাড়া দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কিছুটা বেসুরো তো লেগেছেই।এমনিতে অবশ্য বেশ আটঘাট বেঁধেই নেমেছে দলটি। প্রধান কোচ হিসেবে মাহমুদ তো আছেনই, ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ মাইকেল বেভান। আরেক সাবেক অস্ট্রেলিয়ান ডিন জোন্স আসছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। আইকন খেলোয়াড়কে না করে মাহমুদউল্লাহকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন মাহমুদ, ‘মাহমুদউল্লাহ জাতীয় দলের সহ-অধিনায়ক, ঘরোয়া ক্রিকেটেও ওর নেতৃত্বগুণ দেখেছি। তামিম তো এখনো কোনো পর্যায়ে সেভাবে অধিনায়কত্ব করেনি।’ দলের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী সামির কাদির চৌধুরী জানালেন, চট্টগ্রামের ক্রিকেটের সুদিন ফেরানোই তাঁদের লক্ষ্য, ‘পিসিএলেও আমাদের একটা দল ছিল চট্টগ্রাম টাইগার্স নামে। এবার ক্রিকেটের সঙ্গে থাকার এই সুযোগটাও নিলাম। চট্টগ্রাম কিংসের মাধ্যমে আমরা চট্টগ্রামের ক্রিকেটে পুনর্জাগরণ আনতে চাই।’