চট্টগ্রাম-পর্ব শেষে স্যামির স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম অধ্যায়টা আসলেই আমাদের জন্য ভালো ছিল না’—ড্যারেন স্যামি হাসেন। স্বস্তির হাসি। চট্টগ্রাম বাংলাদেশের ‘লাকি’ মাঠ, উইকেট অনেক মন্থর—ঢাকা থেকে এসব শুনে এসেছিলেন। বাস্তবটা ছিল বিভীষিকার মতো। ওয়ানডেতে ৬১ রানে অলআউট। আরও ভয়াবহ হতে পারত, যদি টেস্টে সব দিন কিংবা আর একটা দিনও খেলা হতো। ওয়ানডে লজ্জার পর টেস্টে আবার বিব্রত হতে হয়নি। এই স্বস্তিও আছে, তার চেয়ে বড় স্বস্তি এই মাঠে আপাতত আর খেলতে হবে না!টি-টোয়েন্টি হারলেও মিরপুরের দুটি ওয়ানডেতে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনকেও অবলীলায় খেলেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। চট্টগ্রামের উইকেটে সেই ব্যাটসম্যানরাই তথৈবচ। উইকেট তো বটেই, স্যামির ধারণা, ব্যাটসম্যানদের ব্যর্থতাও বাজে ব্যাটিং করার অন্যতম কারণ, ‘এই ধরনের উইকেটে আমাদের উচিত ছিল ধৈর্য ধরে খেলা। টেস্ট ক্রিকেটে অফুরন্ত সময়, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। নিজের উইকেটের মূল্য বুঝতে হবে। অনুশীলনে আমরা ভালোই করি, এটাই এখন মাঠে গিয়ে দেখাতে হবে।’উইকেটের সহায়তা থাকলেও মাঠে নেমে সেটা কাজে লাগানোটাও জরুরি। তা ছাড়া, এই উইকেটেই দেবেন্দ্র বিশুর মতো স্পিনারকে দারুণভাবে সামলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বটা দিলেন স্যামি, ‘পুরো ম্যাচেই বাংলাদেশ খুব ভালো খেলেছে। কন্ডিশন তাদের পক্ষে ছিল, সেটা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। ব্যাটিংটাও ভালো করেছে। প্রথম ইনিংসে ৩৫০ রান করেছে, যেটা সব সময়ই প্রতিপক্ষকে চাপে ফেলে।’দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ইনিংস ঘোষণায় একটুও নাকি চমকাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বরং বললেন, তিনি হলে আরও আগে ইনিংস ছাড়তেন, ‘আমরা ধারণা করছিলাম, বাংলাদেশ ইনিংস ঘোষণা করবে। তবে আমি ওই জায়গায় থাকলে আরও আগে ইনিংস ঘোষণা করতাম। কারণ, আমার দলের এক স্পিনার ৬ উইকেট পেয়েছে এবং প্রতিপক্ষ স্পিনারদের ভালোভাবে খেলতে পারেনি।’ এত কিছুর মাঝে খানিকটা স্বস্তি হয়ে এসেছে নিজের পারফরম্যান্স। ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন, সংক্ষিপ্ত দ্বিতীয় ইনিংসে বোলিংও ভালো করেছেন। স্যামির ওই ইনিংসটার কারণেই লম্বা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস, ম্যাচের ফলাফলে বড় একটা ভূমিকাও আছে ওই ৫২ রানের ইনিংসের। পারফরম্যান্সে দলে জায়গা হয় কি না, এমন প্রশ্ন শুনতে হচ্ছে প্রতিনিয়তই। স্যামির কণ্ঠে তাই কাল ছিল কিছুটা স্বস্তি, ‘অনেক দিন পর রান পেয়ে ভালো লাগছে। ব্যাটিং উপদেষ্টার সঙ্গে আমি আলাদা করে কাজ করছি। সেই শুরুর দিন থেকেই চাপ আমার নিত্যসঙ্গী। পারফর্ম করতে পারলে তাই ভালো লাগে।’ভেজা আউটফিল্ডের কারণে দুদিন খেলা বন্ধ না থাকলে ফলাফল অন্য রকম কিছুও হতে পারত, স্বীকার করেছেন স্যামি। কণ্ঠে ছিল কঠিন ম্যাচটা ড্র করতে পারার স্বস্তিও। ড্র ম্যাচে এসবও তো বাংলাদেশের বড় পাওয়া!