চট্টগ্রাম মেতেছে বিশ্বকাপে...
চট্টগ্রামের মানুষ বরাবরই ক্রিকেটপাগল। ক্রিকেট নিয়ে মাতামাতি এখানে নতুন কিছু নয়। তবে বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে উন্মাদনাটা অভূতপূর্ব রূপ নিয়েছে। একটি টিকিটের জন্য কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে ঠাঁয় দাঁড়িয়ে থাকা, রোড শো, রঙের প্রলেপ দেওয়া, স্টেডিয়াম ও সড়কের সংস্কার—আরও কত কী! এ সবই হচ্ছে বিশ্বকাপ আয়োজনের অন্যতম অংশীদার হওয়ার কারণে।হবে না-ই বা কেন? অনেক আন্দোলন-সংগ্রামের পর বিশ্বকাপের আয়োজক হয়েছে চট্টগ্রাম। তাই বিশ্বকাপ নিয়ে মাতামাতিটা একটু বেশি এখানে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে রোড শোতে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে ছুটে এসেছেন আকরাম খান, মিনহাজুল আবেদীনরা। চট্টগ্রামের ছেলে আকরাম খান বললেন, ‘চট্টগ্রামের মানুষ ক্রিকেটপাগল। এখানে ক্রিকেটের একটা ঐতিহ্য রয়েছে। বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করে সেটা দেখিয়ে দেওয়া এখন আমাদের কাছে চ্যালেঞ্জ।’চট্টগ্রামে বিশ্বকাপ ভেন্যু আন্দোলনের সামনের সারিতে ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এখন তিনি নগরপিতা না হলেও চট্টগ্রামের বাসিন্দা হিসেবে সেই চ্যালেঞ্জটিই যেন নিজের কাঁধে তুলে নিচ্ছেন অন্য অনেকের মতো। রোড শোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমাদের চট্টগ্রামে দর্শক অগণিত। কিন্তু টিকিট বরাদ্দ অনেক কম। তাই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।’বর্ণিল ব্যানার-ফেস্টুনে সজ্জিত রোড শোটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হয়। পরে বিকেলে জিমনেশিয়াম মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।বিশ্বকাপ সামনে রেখে যার যার দায়িত্বমতো কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন, পুলিশ ও অন্যান্য সংস্থা। বিমানবন্দর থেকে স্টেডিয়াম ও খেলোয়াড়-অতিথিদের থাকার হোটেল পর্যন্ত সড়কের দুই পাশের বাড়ি ও দোকানপাট রং করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বর্তমান সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এ ছাড়া পুলিশ বিভাগও তাদের নিরাপত্তার ছক কষতে প্রতিদিন নানা সভা-সমিতি করে যাচ্ছে। নগরের পুরোনো যানবাহনগুলো রং করার নির্দেশ দিয়েছে ট্রাফিক বিভাগ। আর শহর এলাকার বিভিন্ন রুটের বাসগুলোর ভিন্ন ভিন্ন রং করার সিদ্ধান্তও নেওয়া হচ্ছে।