চট্টগ্রাম মোহামেডানকে জেতালেন ফরহাদ
এই মৌসুমের জন্য একেবারে শেষ মুহূর্তে দল গড়েছে চট্টগ্রাম মোহামেডান। অনুশীলন করেছে মাত্র এক দিন। কিন্তু অনভিজ্ঞ তরুণ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে সামনে পেয়েই উতরে গেল তারা গ্রামীণফোনের ফেডারেশন কাপের প্রথম ম্যাচে। না হলে খেলার ধারা অনুযায়ী জেতার কথা গত মৌসুমের সিনিয়র ডিভিশনের রানার্সআপ ভিক্টোরিয়ারই। ৫৫ মিনিটে অধিনায়ক আরিফুল কবিরের (ফরহাদ) একমাত্র গোলে জিতে এখন পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে চট্টগ্রাম মোহামেডান। প্রথমার্ধে দারুণ দাপট নিয়ে খেলা ভিক্টোরিয়া দ্বিতীয়ার্ধেও খারাপ খেলেনি। কিন্তু একেবারেই অনভিজ্ঞ তরুণ ফরোয়ার্ডরাই ডুবিয়েছেন দলটিকে। ভুল পাসের ছড়াছড়ি, দুর্বল ফিনিশিং, গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ—এমন হলে জয় পাওয়া যায় না। তবে হেরেও খুশি ভিক্টোরিয়ার কোচ জানে আলম, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। আমরা শুধু অভিজ্ঞতার অভাবে হেরেছি।’ অন্যদিকে চট্টগ্রাম মোহামেডানের কোচ আবু সারোয়ারও খুশি ৩টি পয়েন্ট পাওয়ায়।আজকের খেলা: মুক্তিযোদ্ধা-নৌবাহিনী, ফরাশগঞ্জ-বিমানবাহিনী (বেলা ৩-৩০ মি. ও বিকেল ৫-৪৫ মি., বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর)