চট্টগ্রাম লিগে আফতাব দুই ম্যাচ বহিষ্কার
চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলায় অখেলোয়াড়ি মনোভাব দেখানোর কারণে জাতীয় দলের ক্রিকেটার আফতাবকে দুই ম্যাচের জন্য বহিষ্কার করেছে সিজেকেএস ক্রিকেট কমিটির শৃঙ্খলা বিভাগ। গত সোমবার এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম ব্রাদার্স ও আবাহনীর মধ্যকার ম্যাচের সময় তাঁর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় আফতাব উইকেটে লাথি মেরেছিলেন। আফতাব ব্রাদার্সের হয়ে খেলছিলেন।আফতাবের চেয়ে বেশি শাস্তি ভোগ করতে হচ্ছে চট্টগ্রাম আবাহনীর চার ও সিটি করপোরেশনের এক ক্রিকেটারকে। তাঁদের এক বছরের জন্য বহিষ্কার করার পাশাপাশি ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে এই জরিমানা অনাদায়ে তাঁদের আরও দুই বছরের বহিষ্কারাদেশ ভোগ করতে হবে। তাঁরা হলেন আবাহনীর অধিনায়ক ইয়াছিন আরাফাত, রাব্বি, রিয়াদ ও রাকিব এবং সিটি করপোরেশনের ক্রিকেটার জিয়া। এই পাঁচ ক্রিকেটার সেদিন খেলা শেষে আম্পায়ার আলী হায়দারের ওপর চড়াও হয়েছিলেন। একই ম্যাচে আম্পায়ারকে মারধর করার অপরাধে আবাহনীর দুই কর্মকর্তা মো. কাশেম আর বুলবুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে মাঠে।গত পরশু রাতে সিজেকেএস ক্রিকেট কমিটির শৃঙ্খলা বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের প্রধান আজম নাসির উদ্দিন বলেন, ‘আম্পায়ারের গায়ে হাত তুলে গর্হিত কাজ করেছেন তাঁরা। বাইলজ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’