চট্টগ্রামকে হারালেন আল আমিন
প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক এবারের জাতীয় লিগেই। প্রথম তিন ম্যাচে সাকল্যে উইকেট পেয়েছিলেন ৫টি। কিন্তু চতুর্থ ম্যাচে এসেই নিজেকে চেনালেন খুলনার পেসার আল আমিন হোসেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন দ্বিতীয় ইনিংসে। মাত্র ৩৬ রানে নিয়েছেন ৭ উইকেট। ম্যাচে ৮৯ রানে ১২ উইকেট। এক তাঁর কাছেই হেরে গেল চট্টগ্রাম।রাজশাহীতে চট্টগ্রামকে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে গুটিয়ে দিয়ে ১১২ রানের লক্ষ্য পায় খুলনা। ২৩ রানে ২ উইকেট হারালেও খুলনা শেষ পর্যন্ত জিতেছে ৮ উইকেটে। এবারের লিগে চতুর্থ জয় পেয়ে খুলনার দ্বিতীয় পর্বে যাওয়াটাও প্রায় নিশ্চিত।বরিশালে ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা যেমন উজ্জ্বল করেছে রাজশাহী, তেমনি বিদায় নিশ্চিত একটি ম্যাচও না-জেতা ঢাকার। মাত্র ৪৯ রানের লক্ষ্যে পৌঁছাতে রাজশাহীকে খেলতে হয় মাত্র ৮.৪ ওভার।চট্টগ্রামে ইনিংস পরাজয় এড়াতে রংপুরকে করতে হবে আরও ৭১ রান। হাতে আছে ৭টি উইকেট। প্রথম ইনিংসে ১৬৪ রানে পিছিয়ে পড়া রংপুর তৃতীয় দিন শেষে করেছে ৩ উইকেটে ৯৩ রান। এর আগে আগের দিনের ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শুরু করা ঢাকা মহানগরের ইনিংস শেষ হয় ৫১৮ রানে। এবারের লিগে এটাই সর্বোচ্চ দলীয় রান। আসিফের সেঞ্চুরি ও আশরাফুলের ফিফটির পর কাল দুটি ৮০ ছাড়ানো ইনিংস দেখেছে মহানগরের ইনিংস। শামসুর রহমান ৮৬ ও তাসামুল হক করেছেন ৮৪ রান।চট্টগ্রামে সিলেটের বিপক্ষে তৃতীয় দিন শেষে হাতে ৩ উইকেট নিয়ে ১৩০ রানে এগিয়ে বরিশাল। বরিশালের ৭ উইকেটের ৫টিই নিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার এনামুল হক জুনিয়র। এই মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি এনামুল (৩৪) এই নিয়ে ৪ বার পেলেন ইনিংসে ৫ উইকেট।