চট্টগ্রামে এবার তামিম-নাটক
বাংলাদেশের ক্রিকেটে আলাদা একটা জায়গাই করে নিয়েছে চট্টগ্রাম। এটা সৌভাগ্যের মাঠ। এখানে এলেই বাংলাদেশ জেতে। এটা তামিম ইকবালের শহর। এখানে খেলা হলে প্রাসঙ্গিকভাবে চলে আসে তাঁর নামও।এবারও দুটো আলোচনাই আছে। টি-টোয়েন্টি আর প্রথম দুই ওয়ানডেতে বাজেভাবে হারার পর পাকিস্তানের বিপক্ষে কি এই চট্টগ্রামেই কিছু করে দেখাবে বাংলাদেশ? আর তামিম ইকবাল? না, তামিমকে নিয়ে আলোচনাটা এবার একটু অন্যভাবেই হচ্ছে চট্টগ্রামে; যে আলোচনার শিরোনাম হতে পারে ‘তামিম কি আজ খেলবেন’ কিংবা ‘তামিমকে নিয়ে নাটক’।ঘটনার সূত্রপাত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের রাতে। সূত্র জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ওই ম্যাচের পর ‘জরুরি’ এক সভা বসেছিল বিসিবি কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল, দুই বোর্ড পরিচালক এনায়েত হোসেন ও জালাল ইউনুস, জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল এবং নির্বাচক হাবিবুল বাশার। আলোচনার মূল বিষয়বস্তু ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় আজকের তৃতীয় ওয়ানডেতে তামিমকে রাখা হবে কি হবে না।পাকিস্তান সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে হাঁটুর ব্যথার কারণে খেলেননি তামিম। যদিও তাঁর না-খেলার কারণ হিসেবে অনেক কথাই উড়ে বেড়িয়েছে বাতাসে। প্রথম দুই ওয়ানডেতে করেছেন ০ আর ৪ রান। তামিমের এই পারফরম্যান্স এবং হাঁটুর ব্যথা নিয়ে প্রশ্ন ওঠে আলোচনায়। তাঁকে দল থেকে বাদ দিয়ে জাতীয় লিগে চট্টগ্রামের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলা নাজিমউদ্দিন অথবা ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করে আসা মমিনুল হককে দলে নেওয়ার প্রস্তাব আসে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, মমিনুল তাঁর অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত। তাঁকে এই মুহূর্তে জাতীয় দলে আনার চিন্তা বাদ হয়ে যায় সঙ্গে সঙ্গেই। ভোট পায়নি নাজিমউদ্দিনকে খেলানোর প্রস্তাবটিও। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও বড় আসরে অতীত ব্যর্থতা বিপক্ষে গেছে তাঁর। তবে সভা শেষে এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় কোচকে। পরদিন (পরশু) সকালে সভার কথা স্বীকার করে সেখানে উপস্থিত একজন এই প্রতিবেদককে নিশ্চিত করেছিলেন, কথাবার্তা যা-ই হোক, তামিম তৃতীয় ওয়ানডেতে খেলবেন।কাল পর্যন্ত ওই সভার কথা জাতীয় দল এবং তার আশপাশে ‘টপ সিক্রেট’ হয়েই ছিল। কোচ, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের আরও দু-একজন ছাড়া কেউই জানতেন না তামিমকে বাদ দেওয়ার একটা আলোচনা হয়েছে। ব্যাপারটি গোপন রাখা হয় তামিমের কাছেও। কিন্তু কতক্ষণ? যেকোনো ভাবেই হোক, কাল ঘটনা জেনে যান তামিম। বিপত্তি বাধে এর পরই।বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কোনো একটি মাধ্যমে তামিম শুনেছেন, নতুন খেলোয়াড় এনে তাঁকে হোটেল থেকে বিদায় করে দেওয়ারও প্রস্তাব এসেছিল ‘টপ সিক্রেট’ সভায়। শুনে স্তম্ভিত তামিম মানসিকভাবে ভেঙে পড়েন। বেশি অপমানিত বোধ করেছেন হোটেল থেকে বের করে দেওয়ার আলোচনার কারণেই। কাল অনুশীলনে এসে নেট প্র্যাকটিসের পর রাগে-ক্ষোভে মাঠে নামেননি আর একবারও। একপর্যায়ে তৃতীয় ওয়ানডেতে খেলবেন না বলে জানিয়ে দেন টিম ম্যানেজমেন্টকে। এরপর থেকেই তামিমকে বোঝাতে ব্যস্ত সময় কেটেছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সদস্যদের। শেষ পর্যন্ত অবশ্য তামিম দলকে জানিয়েছেন, একাদশে থাকলে তিনি ম্যাচটা খেলবেন। এসব ব্যাপারে তামিমের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি।দুপুরে অনুশীলনের সময় কুঁচকির ইনজুরিতে পড়ে এমনিতেই আরেক ওপেনার ইমরুল কায়েস আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন, সংশয় আছে প্রথম টেস্টে খেলা নিয়েও। এ অবস্থায় তামিমেরও বেঁকে বসা ভাবনায় ফেলে দিয়েছিল সবাইকে। তবে তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সমালোচনার জবাব তিনি ব্যাট হাতেই দিতে চান। একাদশে জায়গা পেলে আজকের ম্যাচটা খেলবেন। নিজের মাঠ আর পরিচিত দর্শকদের সামনে দাঁড়াতে চান মাথা উঁচু করে।এই ঘটনা সম্পর্কে দ্বিতীয় ওয়ানডে শেষে ওই সভায় উপস্থিত কেউই কিছু বলতে চাননি। তবে বিসিবির সভাপতি মুস্তফা কামাল দাবি করেছেন, একাদশের ব্যাপারে বোর্ড থেকে কোনো হস্তক্ষেপ করা হয় না, ‘নির্বাচকেরা দল ঠিক করে দেন। সেই দল থেকে প্রথম একাদশে কারা খেলবে না-খেলবে, সেটা ঠিক করার দায়িত্ব অধিনায়ক ও কোচের। এ ব্যাপারে আমাদের কোনো মতামত থাকে না।’