চট্টগ্রামে খেলবে না ওয়েস্ট ইন্ডিজ যুবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ রোববার চট্টগ্রামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একদিনের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান ও পুলিশ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মাঠে নিয়ে আসার জন্য আজ সকালে হোটেলে যায় পুলিশ। কিন্তু তাঁরা মাঠে যেতে অস্বীকৃতি জানান।

চট্টগ্রামে হোটেল আগ্রাবাদের সামনে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার ভেতর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় হোটেলে অবস্থান করছিল ক্যারিবীয় যুবদল। ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তাঁরা আজ মাঠে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচটি জিতে সিরিজে ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

বিসিবি জানিয়েছে ম্যাচটি হবে আগামীকাল।