চট্টগ্রামে খেলা নিয়ে সংশয়
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের দুটি ওয়ানডে হওয়ার কথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। কিন্তু ২০১১ বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়ামের সংস্কারকাজের যে ধীরগতি, তাতে আগামী ১৫ ও ১৭ ডিসেম্বরের ম্যাচ দুটি সেখানে না হওয়ারই সম্ভাবনা। সেক্ষেত্রে ম্যাচ দুটি মিরপুরেই হতে পারে।বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবির গ্রাউন্ডস কমিটির কর্মকর্তারা সম্প্রতি চট্টগ্রাম সফর করে সেখানে জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ আয়োজন না করার পক্ষে মত দিয়েছেন। স্টেডিয়ামের ড্রেসিংরুম, প্রেসবক্স এবং গ্যালারির কাজ এখনো শেষ হয়নি। পানি এবং বিদ্যুতের সংযোগও দেওয়া হয়নি। আজ থেকে সব শ্রমিক ঈদের ছুটিতে চলে যাবে বলে শিগগিরই এসব কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় চট্টগ্রামে খেলা আয়োজন নিয়ে সংশয়ে স্থানীয় কর্মকর্তারাও। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর তার পরও একটা আপৎকালীন ব্যবস্থার কথা বললেন, ‘ঠিকাদারেরা জানিয়েছেন তাঁরা আগামী আট-দশ দিনের মধ্যেই সব কাজ শেষ করতে পারবেন। এরপর অস্থায়ী ভিত্তিতে হলেও পানি ও বিদ্যুৎ-সংযোগ পাওয়া গেলে চট্টগ্রামে জিম্বাবুয়ে সিরিজের খেলা আয়োজন হয়তো সম্ভব।’ এদিকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জাতীয় দলের কোচ জেমি সিডন্স ঈদের ছুটির পর ২১, ২২ ও ২৩ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করতে চাচ্ছেন। ঢাকায় ফিরে আবার ২৬ তারিখ থেকে অনুশীলন শুরু করার পরিকল্পনা তাঁর। অপ্রস্তুত চট্টগ্রাম স্টেডিয়াম হয়তো এই সূচি বদলাতে বাধ্যই করবে তাঁকে।