চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চান সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টটা শেষ হয়েছে হতাশাজনকভাবেই। ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যবধানে হারের পর কিছুটা হয়তো মুষড়েই পড়েছেন বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু ব্যর্থতার স্মৃতি ঘেঁটে আরও হতাশা বাড়ানোর চেয়ে এখন বরং সামনের দিকে তাকানোই জরুরি বলে মনে করছেন সাকিব আল হাসান। ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই ব্যক্ত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ বাংলালিংকের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব গ্রহণের সময় এমন মন্তব্য করেছেন সাকিব।

প্রথম ইনিংসে ২৩২ রানের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৫০ রানে। বল হাতেও উল্লেখযোগ্য কোনো  সফলতা পায়নি মুশফিক বাহিনী। কুশল সিলভা, মাহেলা জয়াবর্ধনে ও কিথুরুয়ান ভিথানাগের দারুণ ব্যাটিংয়ে ৭৩০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। সব মিলিয়ে সময়টা যে খুবই বাজে গেছে, সেটা মেনেই নিয়েছেন সাকিব। আর শেষ করেছেন চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করে, ‘গত দেড়-দুই বছরে আমরা এত বাজে খেলিনি। প্রতিটা দলেরই এ রকম বাজে সময় আসে। ঢাকায় আমরা এ রকম একটা বাজে সময়ই কাটিয়েছি। আশা করি চট্টগ্রামে ভালো খেলব।’

মিরপুর টেস্ট চলার সময় ক্ষমতা আর অর্থকড়ির ভাগ-বাঁটোয়ারা নিয়েও বেশ উত্তাল ছিল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ ভবিষ্যতে থাকবে কি না, অবনমনের ফাঁদে পড়ে যেতে হবে কি না, এসব উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যেই শ্রীলঙ্কার মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। দলের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে এটাকেও একটা বড় কারণ বলে শনাক্ত করেছেন অনেকে। তবে সাকিব অবশ্য এমন দাবি করেননি। মাঠের বাইরের পরিস্থিতির জন্য কোনো চাপে ছিলেন না বলেই জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ সাকিবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে টেলিকম কোম্পানি বাংলালিংক। আগামী দুই বছর বাংলালিংকের হয়ে নানা ধরনের প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন সাকিব। ক্রিকেটের পাশাপাশি নতুন এই দায়িত্বটাও উপভোগ করবেন বলেই জানালেন সাকিব, ‘বড় বড় ব্রান্ডের সঙ্গে পার্টনারশিপ আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমি এটা উপভোগ করি।’

বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা এক সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে নতুন এই চুক্তির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার ইয়াসির আবদেল হাকিম, চিফ টেকনোলজি অফিসার পেরিহেন এলহামি, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম এবং বাংলালিংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।