চট্টগ্রামে থামল চিটাগং
খেলা চট্টগ্রামে। দলের নাম চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজির মালিক, গ্যালারির দর্শক—সবই চট্টগ্রামের। উপলক্ষটা যখন এমন ত্রিমোহনায় মিলিত, জয় দিয়েই উদ্যাপন হওয়া উচিত। কিন্তু হলো না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি-ভর্তি সমর্থককে হতাশায় ডুবিয়ে দুরন্ত রাজশাহীর কাছে কাল ৯ রানে হেরে গেল চিটাগং কিংস।পাঁচ ম্যাচের চারটিতেই জিতে প্রথম পর্বের শীর্ষ দল ছিল তারা। কাল দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ছয় ম্যাচে চিটাগং কিংসের পয়েন্ট রয়ে গেছে সেই আটই। প্রথম দুই ম্যাচে হারলেও টানা চার ম্যাচ জিতে দুরন্ত রাজশাহী ভাগ বসিয়েছে তাদের শীর্ষস্থানে।মাত্র ১২৬ রান করেও চিটাগং কিংসকে হারানোর মূল কৃতিত্ব রাজশাহীর দুই বোলার সাকলাইন সজীব ও মোহাম্মদ সামির। উদ্বোধনী জুটিতে নাসির-জহুরুল ৪০ রান করার পরও ৪৫ রানের মধ্যেই যে চিটাগং কিংস ৩ উইকেট হারাল, সেটা সাকলাইনের সৌজন্যে। ইনিংসের সপ্তম ওভারে পর পর দুই বলে জেসন রয় ও জিয়াউর রহমানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। শামসুর আর ব্রাভোকে ফিরিয়ে এক ওভারে ২ উইকেট নিয়েছেন আগের ম্যাচেই হ্যাটট্রিক করা পাকিস্তানি পেসার সামিও। শেষ ওভারে চিটাগং কিংসের জেতার জন্য ১২ রান দরকার থাকলেও সামি দিয়েছেন মাত্র ২।দুরন্ত রাজশাহীর ১২৬ রানও এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দলের ১৫ রানে ওপেনার জুনায়েদ সিদ্দিককে হারিয়ে শুরুর পর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারেনি দলটা। ১৩ রানে ৩ উইকেট নিয়ে চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানিই বাধা হয়ে দাঁড়ান তাদের সামনে। তবে ৭৭ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক মুশফিকের (২৪*) সঙ্গে সাব্বিরের (১৭) ২৭ রানের জুটি রাজশাহীকে নিয়ে যায় এক শর ওপারে।সংক্ষিপ্ত স্কোরদুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১২৬/৬ (মুশফিক ২৪*, শাহজাইব ২০, রাজ্জাক ১৯, সাব্বির ১৭, মুক্তার ১৬*, লতিফ ১৪; আরাফাত সানি ৩/১৩, কুপার ২/১৭, ব্রাভো ১/৩৬)। চিটাগং কিংস: ২০ ওভারে ১১৭/৯ (শামসুর ২৪, নাসির ২০, মাহমুদউল্লাহ ১৮, ফরহাদ ১৫*, জহুরুল ১৩; সাকলাইন ৩/২২, সামি ২/১৬, রাজ্জাক ১/২৮, সাব্বির ১/৮)। ফল: দুরন্ত রাজশাহী ৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাকলাইন সজীব।