চট্টগ্রামে প্রাপ্তি অনেক
চট্টগ্রাম থেকে ফেরার পর চোখে পড়ার মতো পরিবর্তন স্টুয়ার্ট লর মধ্যেই দেখা যাচ্ছে। বাংলাদেশ দলের কোচ এমনিতেই একটু গম্ভীর, চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করে এসে তিনি যেন আরও গম্ভীর হয়ে গেছেন!ব্যাপার আসলে কিছুই না। পুরু গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়িতে চেহারাটা নতুন করে সাজিয়েছেন অস্ট্রেলিয়ান ভদ্রলোক। বাড়তি গাম্ভীর্য সে কারণেই। আদতে চট্টগ্রামের ক্যাম্প কোচের মধ্যে নয়, বড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বাংলাদেশ দলের মধ্যেই। টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, খেলোয়াড়—সবারই মনে হচ্ছে, চট্টগ্রামের ক্যাম্প সুবিন্যস্ত একটা দল হয়ে ওঠার পথে অনেকটা এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদের বিশ্লেষণটাই শুনুন, ‘ক্যাম্পটা দারুণ কাজে দিয়েছে। খুব ভালো অনুশীলন হয়েছে ওখানে। মনে হচ্ছে, আবার একটা ভালো অবস্থায় চলে এসেছি আমরা।’কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর থেকে একাডেমি মাঠের দিকে যাওয়ার পথে দুদণ্ড দাঁড়ালেন অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রামের ক্যাম্পকে দশে দশ দিলেন তিনি, ‘আসলেই খুব ভালো প্রস্তুতি হয়েছে চট্টগ্রামে। ফিটনেস থেকে শুরু করে ব্যাটিং-বোলিং সব দিক দিয়েই ভালো একটা ক্যাম্প হয়েছে।’অনুশীলনের ক্লান্তির মধ্যেও বেশ প্রাণবন্ত অধিনায়ক। ভালো প্রস্তুতির বাইরে সেটার একটা কারণ বোধ হয় মাহমুদউল্লাহর ফেরাও। মুশফিকের অধিনায়কত্বের সঙ্গেই সহ-অধিনায়কত্ব পান মাহমুদউল্লাহ। কিন্তু চোট আর ডেঙ্গু জ্বরে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজেই তিনি থাকলেন মাঠের বাইরে!সেই ধকল পুরোপুরি কাটিয়ে উঠেছেন মাহমুদউল্লাহ। এখন আছেন মাঠে ফেরার অপেক্ষায়, সহ-অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ খেলারও, ‘সহ-অধিনায়কত্ব পাওয়ার পর গত সিরিজ খেলতে পারিনি। এখন এই সিরিজ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছি। শারীরিকভাবেও এই মুহূর্তে ভালো আছি। চেষ্টা করছি প্র্যাকটিসটা ভালোভাবে করতে। কষ্ট করছি, যেন আগের ফর্মে ফিরতে পারি।’মাহমুদউল্লাহর নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়েও চট্টগ্রামের এক সপ্তাহের ক্যাম্প একটা ভূমিকা রাখবে। ক্যাম্পের প্রশংসা করছেন তিনিও, ‘চট্টগ্রামে খুবই ভালো প্র্যাকটিস হয়েছে। একদিন ফিজিক্যাল ফিটনেসের কাজ করেছি তো পরদিন ব্যাটিং-বোলিংয়ে বেশি সময় দিয়েছি।’ এই ক্যাম্প থেকে পাওয়া আত্মবিশ্বাস প্রতিপক্ষ নিয়ে এখনই উদ্বিগ্ন হতে দিচ্ছে না তাঁকে। পাকিস্তান শক্তিশালী। বাংলাদেশের মূল অস্ত্র স্পিন বোলিং তাদের সামনে কতটা কার্যকর হবে, সেসব চিন্তায় না ডুবে সহ-অধিনায়ক নিজেদের নিয়েই ভাবছেন, ‘প্রতিপক্ষকে নিয়ে ভাবার চেয়ে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কাজ করাই ভালো। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি ভালো হচ্ছে, আশা করি, এর ইতিবাচক প্রতিফলন মাঠে দেখব।’মাহমুদউল্লাহকে আশাবাদী করছে তিন বছর পর ফরহাদ রেজার দলে ফেরাও, ‘ফরহাদ আসায় অলরাউন্ডার বেড়েছে, এটাও একটা ভালো দিক। পেস বোলিং অলরাউন্ডারের অভাব ছিল। আশা করি, ফরহাদ সেটা পূরণ করতে পারবে।’সবচেয়ে বড় আশার কথাটা অবশ্য শোনালেন এর পরই। কে একজন শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত হয়ে ওঠার কথা বলতেই মাহমুদউল্লাহর মুখ দিয়ে বেরিয়ে এল, ‘পাকিস্তান ভালো খেলছে। জিততে হলে আমাদের তার চেয়েও ভালো খেলতে হবে। তাদের বিপক্ষে আমাদের মূল লক্ষ্য অবশ্যই সিরিজ জয়।’