চট্টগ্রামে সাকিবময় বিকেল
লিগ কিংবা যেকোনো ধরনের ক্রিকেটই হোক না কেন, তা দেখার জন্য কাকপক্ষীর দেখা মেলা ভার। চট্টগ্রামে এই চিত্র অনেক দিনের। কিন্তু এম এ আজিজ স্টেডিয়ামে আরবান আমেরিকান-সিজেকেএস অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট আসরে কাল সকাল থেকেই দর্শকদের আনাগোনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দর্শকদের সংখ্যা।না, খেলা দেখতে আসেননি দর্শকেরা। তাঁদের আগমনের কারণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক নজর দেখা। সাকিব চট্টগ্রামে এসেছেন অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করতে। আসলে একটা কিছুকে উপলক্ষ করে সাকিবের মতো ক্রেজকে হাজির করা, এই যা। সাকিবও স্বীকার করলেন, ‘এই অল্প সময়ের মতবিনিময়ে ক্রিকেটারদের খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। তবে আমাকে পেয়ে যদি তাঁরা উৎসাহিত হয়, ক্রিকেটের প্রতি মনোযোগী হয় সেটাই সার্থকতা।’সাকিবকে পেয়ে সাদফান আহাম্মদ, সাইফুলদের মতো উদীয়মান ক্রিকেটাররা তো উৎসাহীই, উৎসাহ ছিল আগত হাজার দুয়েক দর্শকের মধ্যেও। বেলা তিনটা বাজার সঙ্গে সঙ্গেই বাদ্যযন্ত্র দলের মার্চপাস্টের পিছু পিছু সাকিবকে বহনকারী গাড়িটি এসে থামল এম এ আজিজ স্টেডিয়ামের ফটকে। সেখানে ততক্ষণে হুড়োহুড়ি লেগে গেছে। শিশু-কিশোর, নারী-পুরুষ—সব বয়সের মানুষের ভিড়। আগে থেকে সারি করে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা গার্লস গাইডের মেয়েরা ভিড়ের ঠেলায় অস্থির। চারদিকে সাকিব সাকিব রব।এ রকম পরিস্থিতি হবে, সেটা আগে থেকে আঁচ করা যায়নি। আয়োজকেরা তাই পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও রাখেনি সেভাবে। ভাগ্য ভালো কোনো অঘটন ঘটেনি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তা সাহাবুদ্দিন জাহাঙ্গীর তো বলেই ফেললেন, ‘এমনিতে তো কাকপক্ষীও দেখা যায় না। আজ সাকিবের কারণে কত মানুষ দেখেন।’টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের ক্রিকেটারের সঙ্গে মিনিট দশেকের মতো মাঠে বসলেন সাকিব। তাঁদের প্রশ্নের উত্তর দিলেন। সাকিবের মজার মজার উত্তর শুনে হাসির রোল উঠল দর্শকদের মধ্যে। একজন জানতে চাইল, ‘শেষ ওভারে ছয় রান দরকার। তখন আমি কীভাবে বল করব?’ সাকিবের উত্তর, ‘যেভাবে বল করলে ছয় রান হবে না সেভাবে...।’ সাকিবের ফিটনেস, সাফল্য রহস্য, ম্যাচের আগের ভাবনাও জানতে চাইল কেউ কেউ। সাকিব বলে গেলেন, ‘অনুশীলন করা, সুশৃঙ্খল থাকা, মানসিক দৃঢ়তা—এসবের পাশাপাশি ওপরওয়ালা আর মানুষের দোয়া আমার সঙ্গে আছে।’শেষে সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিলেন সিজেকেএস সম্পাদক আজম নাছির উদ্দিন, আলী আব্বাসসহ অনেক সংগঠক। উপস্থিত দর্শকদের উদ্দেশে সাকিব বললেন, ‘আপনারা আমার জন্য ও দেশের ক্রিকেটের জন্য দোয়া করবেন।’মাঠ থেকে বের হতেও সেই একই বিড়ম্বনার মুখোমুখি সাকিব। কেউ অটোগ্রাফ নিতে চায়, কেউবা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চায়। বাদ যাননি কর্মকর্তারাও। এসব দেখে অভিভূত চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এহছানে এলাহী, ‘আমরা আনন্দিত সাকিবকে কাছে পেয়ে। এতে তরুণেরা অনুপ্রেরণা পাবে।’কিন্তু সাকিবের ঝটিকা সফরে কতটা উপকৃত হলো চট্টগ্রামের ক্রিকেট? জাতীয় দলে খেলার মতো ক্রিকেটার তো উঠছে না বন্দরনগর থেকে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব সাকিব একটু ঘুরিয়ে দিলেন, ‘এটা তো আপনারা ভালো বলতে পারবেন। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে। সুযোগ দিতে হবে ক্রিকেটারদের। লিগে ভালো খেলতে খেলতেই জাতীয় দলে সুযোগ পাবে।’