চট্টগ্রামের অতৃপ্তি ঘুচবে ঢাকায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মাঠে খেলা মানেই সাকিবের কিছু একটা করা। অনুশীলনের ফাঁকে সাকিবকে কি সেটাই মনে করিয়ে দিচ্ছিলেন মুশফিক? কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ষ ছবি: শামসুল হক
এ মাঠে খেলা মানেই সাকিবের কিছু একটা করা। অনুশীলনের ফাঁকে সাকিবকে কি সেটাই মনে করিয়ে দিচ্ছিলেন মুশফিক? কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ষ ছবি: শামসুল হক

টেস্ট শুরু হওয়ার আগেই কি একটু এগিয়ে গেলেন মুশফিকুর রহিম? ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক যেখানে ঘুরেফিরে কয়েকবারই বললেন জয়ের কথা, সেখানে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের মুখে শুধুই বাংলাদেশের স্তুতি। একবারও সরাসরি বললেন না, ‘আমরা ম্যাচটা জিততে চাই...।’
চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শক্তিমত্তার ছবিটাকে দেখাচ্ছে উল্টো করে। এই টেস্টের আগে সিরিজে নিউজিল্যান্ড ফেবারিট থাকলেও এখন বোধ হয় ম্যাককালামও সেই দাবি করবেন না। চট্টগ্রামে বাংলাদেশ হার বাঁচানো ড্র করেনি, বরং ড্রয়ের মধ্যে মিশে আছে জয় না-পাওয়ার হতাশা। মুশফিক তো এখনো সেই আফসোসে পুড়ছেন। অন্যদিকে কিউইদের মধ্যে যেন বেঁচে যাওয়ার আনন্দটাই বেশি প্রকাশিত। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে আসলে কতটা শক্ত, শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কাল বারবার সেটাই বোঝাতে চাইলেন তাদের অধিনায়ক। মুশফিকের বাংলাদেশ কি এখানেও একটু এগিয়ে থেকেই শুরু করছে সিরিজ জয়ের টেস্ট?
টেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায়। খেলা শুরুর আগের কথাবার্তা দিয়ে ফলাফল অনুমান করতে যাওয়াটা তাই বাড়াবাড়ি সন্দেহ নেই। তার পরও খেলাধুলায় যখন মানসিক শক্তিটাও অনেক বড় অনুঘটক, সেদিক দিয়ে ঢাকা টেস্টের আগে সন্দেহাতীতভাবে এগিয়ে রাখা যাচ্ছে বাংলাদেশ দলকে। টেস্ট শেষে ফলাফল যা-ই হোক, শুরুর আগের ‘জয়ী’ দল অবশ্যই বাংলাদেশ। কাল টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকও সেটাই বললেন, ‘আমরা অবশ্যই মানসিকভাবে ওদের চেয়ে এগিয়ে থাকব। ড্র টেস্টও অনেক রকমের হয়। আমরা কিন্তু অনেক এগিয়ে থেকেই ড্র করেছি। ছেলেরা অনেক আত্মবিশ্বাসী। দল হিসেবেও আমরা আত্মবিশ্বাসী।’
নিউজিল্যান্ড দল আপাতত সেই আত্মবিশ্বাসে চিড় ধরাতে না পারলেও দ্বিতীয় টেস্টে প্রত্যাশিত জয় পেতে বাংলাদেশ দলকে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও। কাল ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ যে রকম ভারী হয়ে উঠল, তাতে আবহাওয়ার পূর্বাভাস মেনে টেস্টের প্রায় প্রতিদিনই বৃষ্টি হলে পাঁচ দিনের ম্যাচ কয় দিনে নেমে আসে কে জানে! গতকালের বৃষ্টি এবং আগামী কয়েক দিনের বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ দলের রণকৌশলেও আনছে পরিবর্তন। মিরপুরের উইকেটে টার্ন থাকবে, বল আসবে নিচু হয়ে—এমন সব সম্ভাবনা থেকে চকচক করে উঠেছিল স্পিনারদের চোখ। এমনকি একজন পেসার কমিয়ে দলে একজন স্পিনার বাড়ানোর চিন্তাও ছিল থিংক ট্যাংকের। সম্ভাব্য সিমিং কন্ডিশনের কারণে সে পরিকল্পনা এখন বাতিল। দল সূত্রের খবর, প্রথম টেস্টের দল থেকে দ্বিতীয় ও শেষ টেস্টের দলে সম্ভাব্য পরিবর্তন একটাই। স্পিন শক্তি আগের মতোই রেখে পেসার রবিউল ইসলামের জায়গায় অভিষেক হতে পারে আরেক পেসার আল আমিনের। সে আভাস আছে মুশফিকের কথায়ও, ‘এখানে আগের রেকর্ড খেয়াল করলে দেখবেন, স্পিনারদের পাশাপাশি পেসাররাও বেশ সাহায্য পায়। নতুন বলে না হলেও পুরোনো বলে রিভার্স সুইং পাওয়া যায়। আমরা সম্ভবত তাই আগের কম্বিনেশনেই খেলব।’
মিরপুরের সদা রহস্যময় উইকেটে অবশ্য সব রকম রণপরিকল্পনাই সাজিয়ে রাখতে হয়। আগে থেকে একটা কিছু ভেবে খেলতে নেমে বিপদে পড়ার অভিজ্ঞতা হয়েছে অনেকবার। তা ছাড়া প্রথম টেস্টে পাওয়া সাফল্যের একটা বড় অংশ এসেছে স্পিনারদের হাত ধরে। দুই ইনিংসে নিউজিল্যান্ডের ১৭ উইকেটের ১৫টিই স্পিনের শিকার। সিমিং কন্ডিশন বলে তাই স্পিনারদের ভুলে থাকার উপায় নেই।
মুশফিক ভুলে যাচ্ছেন না সাকিব-তামিমের কথাও। বল হাতে হ্যাটট্রিকসহ ৮ উইকেট, ব্যাট হাতে সেঞ্চুরি—প্রথম টেস্টের প্রায় পুরোটাই সোহাগ গাজীময় হয়ে যাওয়ায় অন্যদের পারফরম্যান্স চাপাই পড়ে গিয়েছিল একরকম। ব্যাপারটাকে ইতিবাচকভাবে নিয়ে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুই তারকাকেও জাগিয়ে দিতে চাইলেন অধিনায়ক, ‘প্রথম টেস্টে হয়তো ওরা (সাকিব-তামিম) প্রত্যাশামতো খেলতে পারেনি। তবে এখন ওদের ওপর চাপটা অনেক কম। দলে যেহেতু পাঁচ-ছয়জন পারফরমার, ওরা ওদের সাপোর্ট করতে পারে। মিরপুরে সাকিবের রেকর্ড অনেক ভালো, তামিমেরও ভালো। আশা করি, ওরা সেটা ধরে রাখবে।’
মুশফিকের সব আশা পূরণ হলে মিরপুরেও দারুণ এক টেস্ট দ্বৈরথের আশা করতেই পারে দর্শকেরা। এক দিকে চট্টগ্রামের প্রেরণায় উজ্জীবিত বাংলাদেশ, অন্যদিকে আহত বাঘ নিউজিল্যান্ড। মুখের কথায় ম্যাককালাম বাংলাদেশকে যতই উঁচুতে তুলে ধরুন না কেন, ভেতরে ভেতরে আভিজাত্যে ঘা লাগার কষ্ট কি নেই? ঢাকা টেস্টটাকে সিরিজ জয়ের টেস্ট বানাতে নিউজিল্যান্ডও তাই কম চেষ্টা করবে না।