চট্টগ্রামের শেষটা ভালো চায় বাংলাদেশ
মুশফিকুর রহিম—ক্যাপ্টেন কুল। সাকিব আল হাসান—নাম্বার ওয়ান অলরাউন্ডার। তামিম ইকবাল— আউটস্ট্যান্ডিং পারফরমার। নাসির হোসেন—মি. ডিপেন্ডেবল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকলেই খেলোয়াড়ি ভঙ্গিতে দেখা যাবে এই চার তারকাকে। রঙিন ছবিগুলোতে যাঁর যাঁর পরিচিতি দেওয়া আছে ওই সব বিশেষণে।
আঙুলের চোট ‘ক্যাপ্টেন কুল’কে রেখেছে টি-টোয়েন্টি দলের বাইরে। বাকিদের মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে নাসির একটি অসাধারণ ও একটি সাধারণ ক্যাচ নিয়ে দেখিয়েছেন তাঁর হাত আসলেই বিশ্বস্ত। কিন্তু বিশেষণের সঙ্গে এ ম্যাচে সাকিব-তামিমের পারফরম্যান্সের মিল ঠিক সেভাবে চোখে পড়ল না।
শ্রীলঙ্কা সিরিজে চট্টগ্রাম অংশের শেষ ম্যাচ আজ। সাপ্তাহিক ছুটির দিনে এ ম্যাচ দেখতে গ্যালারি যে কানায় কানায় ভরে উঠবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ‘লোকাল হিরো’ তামিম নিশ্চয়ই এমন একটা ম্যাচে ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স’ই করতে চাইবেন। আর সাকিবের দায়টা তো আরও বেশি। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা যে আছে, সেটা আরেকবার প্রমাণের দায়।
শুধু সাকিব-তামিম নন, আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে ভালো কিছু করার প্রতিজ্ঞা দলের সবারই। প্রথম ম্যাচে তীরে এসে তরি ডোবার হতাশা আজ জয় দিয়েই দূর করতে চায় বাংলাদেশ দল। নতুন এই প্রতিজ্ঞার মধ্যেও একটা হতাশা কুরে কুরে খাচ্ছে সবাইকে। শেষ বলটা যে কেন ‘নো ডাকল না আম্পায়ার!’ পরশু রাতের পর কাল সারা দিনও এই একটা দুঃখ ভুলতে পারছিল না কেউ।
তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দাবি করলেন, প্রথম ম্যাচের হতাশা দলে এখন আর নেই। ওই ম্যাচে যা-ই হয়েছে, সেটিকে তাঁরা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, ‘ওই ম্যাচের সবই আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। খারাপ খেলে হেরেছি, এটা তো অন্তত কেউ বলতে পারবে না। ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার সবই আমরা করেছি। এমনকি ম্যাচের শেষ বলটাও আমাদের পক্ষে ছিল। হয়তো বা টাইমিং মেলেনি।’ সাকিবের দৃষ্টিভঙ্গি অবশ্য ভিন্ন। ভাগ্যের সঙ্গে নিজেদের ছোটখাটো কিছু ভুলকেও তিনি দায়ী করেছেন হারের জন্য।
দুই ম্যাচের আগে কাল একটা দিনই বিশ্রাম ছিল। ঐচ্ছিক অনুশীলনে তাই অনেকে আসেননি। তবে দুপুরে অনুশীলন করতে আসা সাত-আটজনের দলটাই বেশি ভারী। এর আগে সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে গেছে শ্রীলঙ্কা দলের জনা পাঁচেক ক্রিকেটারও।
তবে দলের প্রতিনিধি হয়ে ক্রিকেটারদের কেউ নন, সংবাদমাধ্যমের সামনে এলেন সহকারী কোচ মারভান আতাপাত্তু। জানালেন, প্রথম ম্যাচে বাংলাদেশ দলের শেষ বল পর্যন্ত লড়াই করে যাওয়ায় একটুও অবাক হননি তিনি, ‘আমরা জানি সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তারা সব সময়ই অনেক ভালো দল। একটি-দুটি ভুল হয়তো তারা করেছে। নইলে ম্যাচের পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারত।’ বাংলাদেশ দল ম্যাচ হারার পেছনে ভাগ্যকেই বেশি দুষলেও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মনে করেন না, তাদের জয়টা ভাগ্যগুণে পাওয়া। তবে আজকের ম্যাচে বাংলাদেশ নিজেদের ফিরে পেতে পারে, এই ভয়টা তাঁর আছে, ‘দলটা খুবই বিপজ্জনক এবং বিশেষ করে নিজেদের মাটিতে এই সংস্করণের খেলায় তারা সমীহ আদায় করে নেওয়ার মতো দলই। এখানকার কন্ডিশন তারা আমাদের চেয়ে ভালো চেনে।’
টি-টোয়েন্টি ম্যাচ শুরু হচ্ছে বিকেলে। একাদশ গঠনের জন্য তাই যথেষ্ট সময় হাতে পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্তও দল চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে দল সূত্রের খবর, আজ সম্ভাব্য পরিবর্তন দুটি। আগের ম্যাচের দল থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা। দলে আসতে পারেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ।