চট্টগ্রামের স্বপ্নপূরণের দিন
যেহেতু প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর নামে স্টেডিয়াম, তাই স্টেডিয়ামের মূল ফটকের বাঁ পাশে বসছে এই প্রয়াত নেতার একটি আবক্ষ মূর্তি। ছোটখাটো একটা জটলা। বিশ্বকাপ ভেন্যু দেখবেন বলে আনোয়ার হোসেন পটিয়া থেকে ছুটে এসেছেন বন্ধু বিপ্লবকে সঙ্গে নিয়ে। কিন্তু বাধা দিলেন তৎপর নিরাপত্তাকর্মী।এই বাধাও আনোয়ার-বিপ্লবদের মতো চাটগাঁবাসীর তৃপ্তি কেড়ে নিতে পারছে না। চাটগাঁবাসীর আন্দোলন সংগ্রামের ইতিহাস অনেক পুরোনো। সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু। সর্বশেষ ফুঁসে উঠেছিল ‘বিশ্বকাপ ভেন্যু’ অধিকার নিয়ে। ব্যতিক্রমী এই আন্দোলন শেষ পর্যন্ত সফল। আজ সেই ব্রিটিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ঢুকে যাচ্ছে চট্টগ্রাম। এ যেন স্বপ্নপূরণ!চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেই ফেললেন, ‘ভেন্যুর জন্য আন্দোলন বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে আর আছে কি না, আমার জানা নেই। কিন্তু চট্টগ্রাম তা করেছে।’ এই আন্দোলনে চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়াবিদ, সংগঠক ও রাজনীতিকেরা যোগ দিয়েছিলেন। সব ভেদাভেদ ভুলিয়ে তাঁদের একমঞ্চে এনেছিল ক্রিকেট।স্বপ্নপূরণের দিনের সাক্ষী হতে কেনা চায়! তাই টিকিটের জন্য কাড়াকাড়ি, টাকার ছড়াছড়িও কম হচ্ছে না। ২০০ টাকার টিকিটের জন্য তিন হাজার টাকা পর্যন্ত দিতে প্রস্তুত মানুষ। কিন্তু কোথায় সেই ‘সোনার হরিণ’ টিকিট? বিসিবির টিকিটের দায়িত্বপ্রাপ্ত রিয়াজ বাবু জানালেন, স্টেডিয়ামের প্রায় ১৮ হাজার আসনের কোনো টিকিট অবিক্রীত নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানের হতাশাও এই ম্যাচের উৎসাহে প্রভাব ফেলতে পারছে না।টিকিট না মিললে স্টেডিয়ামপাড়ায় গিয়ে ভিড় জমানোর পরিকল্পনা নিয়ে রেখেছে অনেক তরুণ। ভিড় করবে নগরের বিভিন্ন স্থানে বসানো বড় পর্দার সামনে। উৎসবে মেতে উঠতে চায় সবাই। উৎসব অবশ্য শুরু হয়ে গেছে আগেই। গতকাল নগরের লালদিঘির মাঠ থেকে বের করা হয় বিশ্বকাপ শোভাযাত্রা।বিশ্বকাপের দুটি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করার চ্যালেঞ্জ নিরাপত্তাকর্মীদের সামনে। পুলিশ, র্যাব ও সেনা সদস্য মিলিয়ে মোট সাড়ে ৩ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত বলে জানা গেছে। তবে আবেগের বাড়াবাড়ি প্রকাশ যেন দেশের ভাবমূর্তিকে কোনোভাবে ক্ষুণ্ন না করে এমন অনুরোধ রেখেছেন পুলিশ কমিশনার মো. আবুল কাশেম, ‘খেলায় জয়-পরাজয় আছে। আমাদের সেটি মেনে নিয়েই সংযত থাকতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতি নিতে হচ্ছে নিরাপত্তাকর্মীদের।