চতুর্থ ইনিংসে রেকর্ড জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯তম ওভারের প্রথম বল থেকে জুটি বেঁধেছিলেন। সেই জুটি ভাঙল ১০৭তম ওভারের চতুর্থ বলে। ৬৯.৪ ওভারে গড়া জুনায়েদ সিদ্দিক আর মুশফিকুর রহিমের ১৬৭ রানের জুটিটা একটা রেকর্ডও ছুঁয়ে ফেলল। চতুর্থ ইনিংসে এটাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটি। ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশ তিন শ পেরোনো স্কোর করেছে মাত্র তিনবার। কেন এই ভঙ্গুরতা, তার কারণ চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ জুটিগুলোর দিকে তাকালেই বোঝা যায়। চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে শতরানের জুটিই এর আগে হয়েছে মাত্র চারটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৩ রানের জুটিটি জাভেদ ওমর আর নাফিস ইকবালের, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। পরের তিনটি জুটিতেই অংশীদারি আছে সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৮ সালে মিরপুর টেস্টে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ১১২ এবং সপ্তম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১১১ রানের জুটি গড়েন সাকিব। এক শ পেরোনো আর একটি মাত্র জুটিতে (১০৬ রান) সাকিবের সঙ্গী ছিলেন রকিবুল হাসান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।