প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রায়েম স্মিথকে কাল ৩৭ রানে ফিরিয়ে দিয়ে নিশ্চয়ই স্বস্তি পেয়েছে ভারত। ম্যাচের চতুর্থ ইনিংসে রান তোলার ব্যাপারে বেশ সুনাম আছে স্মিথের। চতুর্থ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৫২.৮৮। চতুর্থ ইনিংসে গড়ের দিক দিয়ে রাজা অবশ্য ব্রুস মিশেল। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যানের গড় ৮৯.৮৫! আশির ওপরে গড় আছে আর একজনেরই—ওয়েস্ট ইন্ডিজের জেফরি স্টলমেয়ার (৮৬.৩৩)। রানের দিক দিয়ে চতুর্থ ইনিংসের রাজা ছিলেন ব্রায়ান লারা (১৪৪০)। লারাসহ চতুর্থ ইনিংসে ১৩ শর বেশি রান আছে মাত্র নয়জনের। স্মিথ তাঁদের একজন। বর্তমান সক্রিয় খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় আছেন রাহুল দ্রাবিড়, শিবনারায়ণ চন্দরপল, রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকার। চতুর্থ ইনিংসে সেঞ্চুরির রাজা ছিলেন সুনীল গাভাস্কার (৪টি)। চারটি করে সেঞ্চুরি আছে পন্টিং, রামনরেশ সারওয়ান ও ইউনুস খানেরও।