চতুর্থ ইনিংসের স্মিথ
সর্বকালের সেরা ৫ ব্যাটসম্যানের নাম বলুন তো? আর বর্তমান সময়ের সেরা ৫? একেকজনের বিচারের মানদণ্ড একেক রকম, অনেক নামই তা-ই আসবে। কিন্তু সেই তালিকায় কি জায়গা হবে গ্রায়েম স্মিথের?নিশ্চয়ই অনেকেই ভ্রু কুঁচকেছেন। গ্রেটদের তালিকায় নাম লেখানোর প্রাথমিক শর্ত যদিও তিনি পূরণ করেছেন। কেপটাউন টেস্টের পারফরম্যান্সে টেস্ট গড় ৪৯.৭১ থেকে নিয়ে গেছেন পঞ্চাশের ওপর (৫০.২৯)। ৯২ টেস্টে ২৩ সেঞ্চুরিতে রান ৭৫৯৫। কিন্তু তাই বলে সর্বকালের সেরা পাঁচে জায়গা? প্রশ্নই ওঠে না, বর্তমান সময়ের সেরা পাঁচেও তো রাখবেন না অনেকে। কিন্তু যদি বলা হয়, কার্যকারিতার দিক থেকে সেরা? উত্তর দেওয়ার আগে একটা তথ্য জেনে রাখুন, স্মিথের ২৩ টেস্ট সেঞ্চুরির একটিতেও দল হারেনি, জিতেছে ১৬টিতেই, বাকি সাতটি ড্র। বিচারের ভার আপনার।অনেক সময়ই ব্যাটসম্যানশিপের চূড়ান্ত পরীক্ষা হয় টেস্টের চতুর্থ ইনিংসে। তো সেরা বিচারের মানদণ্ড যদি হয় চতুর্থ ইনিংসের পারফরম্যান্স? অনায়াসেই সেরা পাঁচে ঢুকে যাবেন স্মিথ। কেপটাউনের ম্যাচজয়ী সেঞ্চুরিটা ছিল চতুর্থ ইনিংসে তাঁর চতুর্থ সেঞ্চুরি, ছুঁয়েছেন আরও চারজনের বিশ্ব রেকর্ড। একটা জায়গায় তিনি এগিয়ে সবার থেকে, সবগুলো সেঞ্চুরিই দলকে জিতিয়েছে! ওই ইনিংসটার পথে ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে ১৪০০ রানের মাইলফলক ছুঁয়েছেন, চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ে হাজার রান আছে ইতিহাসে একমাত্র তাঁরই। চতুর্থ ইনিংসে তাঁর আছে আরও অনেক কীর্তি। নিচের পরিসংখ্যানগুলো দেখুন, সিদ্ধান্ত নিন সেরাদের তালিকায় কোথায় রাখবেন স্মিথকে...