চতুর্থ ওয়ানডে ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর পরিবর্তন এল না এক নম্বরে। চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখল ইংল্যান্ডই। সেই সঙ্গে নিশ্চিত হলো ন্যাটওয়েস্ট সিরিজটা হারছে না স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১-এ এগিয়ে ইংল্যান্ড। কাল লর্ডসে স্বাগতিকদের লক্ষ্য ছিল ২২১ রানের। ডেল স্টেইনকে ছক্কা মেরে যখন ক্রেগ কিসেওয়েটার দলকে জেতালেন, তখনো হাতে ছিল ২০ বল। প্রথম ইংলিশ উইকেটকিপার হিসেবে এক ম্যাচে তিনটি স্টাম্পিং করার পর ১২ বলে ২১ রান করেছেন কিসেওয়েটার। তবে ম্যাচসেরা ৮৮ রান করা ওপেনার ইয়ান বেল। ২ রানে অধিনায়ক কুককে হারালেও জোনাথন ট্রটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪১ রান করেছেন বেল। ট্রট করেছেন ৪৮। এর আগে দক্ষিণ আফ্রিকা করেছিল ৮ উইকেটে ২২০ রান। ইনিংসে সর্বোচ্চ স্কোর হাশিম আমলার ৪৫। এই নিয়ে টানা তিন ম্যাচে প্রোটিয়াদের সর্বোচ্চ স্কোরার আমলা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। কাল একবার জীবন পেয়েছেন আমলা। স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেওয়া জেমস ট্রেডওয়েল পরে ফেলেছেন স্মিথের ক্যাচও। দুবারই দুর্ভাগা বোলারের নাম স্টিভেন ফিন। ৩টি উইকেট নিয়ে ক্ষতিপূরণটা অবশ্য ভালোই করেছেন এই ইংলিশ অফ স্পিনার। সিরিজের শেষ ম্যাচ পরশু ট্রেন্টব্রিজে। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।