লাল, সবুজ, নীল, হলুদ নামে চারটা দল নির্বাচন করে ফেলেছে ফারুক আহমেদের নির্বাচক কমিটি। এখন শুধু লটারি করে ক্লাবগুলোর মধ্যে দল বণ্টন করা বাকি। আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে টুর্নামেন্টের চতুর্থ দলটিও নিশ্চিত হয়ে গেলে লটারি হয়ে যাওয়ার কথা আজকেই। তবে টুর্নামেন্টের নামটা ঠিক হয়ে গেছে—বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
চার দলে ১৪ জন করে মোট ৫৬ জন খেলোয়াড়কে নির্বাচন করা হয়েছে টুর্নামেন্টের জন্য। লাল দলের অধিনায়ক জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সবুজ দলের তামিম ইকবাল, নীল দলের সাকিব আল হাসান এবং হলুদ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলোয়াড় নির্বাচনে সাম্প্রতিক ফর্মকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে কাল টেলিফোনে জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘সাম্প্রতিক সময়ে ভালো খেলা সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নেওয়া হয়েছে চারটি দলে। সব দলের শক্তিমত্তায় ভারসাম্য রাখার চেষ্টা করেছি আমরা।’ জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে একমাত্র নাসির হোসেনই নেই ৫৬ জনে। টুর্নামেন্ট চলাকালে তাঁর দুই ভাইয়ের বিয়ে হবে একসঙ্গে। সে জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন নাসির।
ক্রিকেটের ভরা মৌসুম হলেও এই মুহূর্তে দেশে কোনো খেলা নেই। অবসর সময় কাটছে ক্রিকেটারদের। বর্ষপঞ্জি অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে জাতীয় লিগ শুরু হওয়ার কথা। কিন্তু জাতীয় লিগের ম্যাচ চার দিনের এবং খেলা হয় একসঙ্গে তিন-চারটি ভেন্যুতে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেটি ঝুঁকিপূর্ণ বলে আপাতত জাতীয় লিগ হচ্ছে না। ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে তাই মাঠে নামানো হচ্ছে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারটাও থাকছে। তবে ফারুক আহমেদ বলেছেন, জাতীয় লিগ নিয়ে অনিশ্চয়তা নেই, ‘শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের খেলোয়াড়েরা যাতে অন্তত দুটি ম্যাচ খেলতে পারে, সেভাবেই শুরু হবে জাতীয় লিগ।’ সে ক্ষেত্রেও অবশ্য ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে লিগ শুরুর সম্ভাবনা নেই।
২২ ডিসেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবকিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেলেও চতুর্থ দলটিই এখনো ঠিক হয়নি। আজ টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই তা ঠিক হয়ে যাবে বলে আশাবাদী বিসিবি। আর তা না হলে চতুর্থ দলটি পরিচালনা করার কথা বিসিবির। তবে বিসিবি কর্মকর্তারা যখন টুর্নামেন্টের জন্য চতুর্থ ক্লাব না পাওয়ায় হাপিত্যেশ করছেন, ঠিক তখনই এবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গাজী ট্যাংক ক্রিকেটার্স দাবি করছে, বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চাইলেও তাদের এড়িয়ে চলছে বিসিবি! গাজী ট্যাংক কর্মকর্তা তারিকুল ইসলামের অভিযোগ, ‘লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরও গাজী ট্যাংককে ছাড়া বিসিবি টুর্নামেন্টটা খেলতে চাচ্ছে। টুর্নামেন্টে খেলার জন্য সিসিডিএমের চিঠির জবাবে আমরা ১৪ ডিসেম্বর চিঠি দিয়ে জানিয়েছি যে আমরা খেলতে চাই। অথচ বিসিবি কর্মকর্তারা বলছেন কোনো ক্লাব নাকি আগ্রহ দেখাচ্ছে না।’
এই অভিযোগের জবাবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদের কথার পাল্টা বক্তব্য আছে গাজী ট্যাংকেরও। ‘আমি গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিক লুৎফর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তিনি বলেছেন তিনি দেশের বাইরে আছেন। কাজেই তাঁর ক্লাব খেলতে পারবে না’—বলেছেন মাহমুদ। এ ব্যাপারে জানতে থাইল্যান্ডে থাকা লুৎফর রহমানকে তাঁর রোমিং নম্বরে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ক্লাব কর্মকর্তা তারিকুল বলেছেন, ‘টেলিফোনে লুৎফর রহমান সাহেব আমাকে জানিয়েছেন, তাঁর কাছে গাজী ট্যাংক ক্লাবকে খেলানোর প্রস্তাব দেওয়া হয়নি। বলা হয়েছে আইএফআইসি ব্যাংককে একটা দলের স্পনসর হতে। তাতে তিনি রাজি হননি।’
গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমান আইএফআইসি ব্যাংকের নির্বাহী কমিটির প্রধান। তাঁর বক্তব্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে সম্পৃক্ত করার আগে বিসিবি টুর্নামেন্টটা করতে চেয়েছিল চারটি করপোরেট প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা নিয়ে।
টুর্নামেন্টের চার দল
লাল
মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, সৌম্য সরকার, নাফিস ইকবাল, মাহমুদউল্লাহ, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক, নাজমুল হোসেন (মিলন), ফরহাদ রেজা, শুভাশিস রায়, নাবিল সামাদ, জিয়াউর রহমান, মোহাম্মদ সোহরাওয়ার্দী ও মেহেদী মারুফ।
সবুজ
তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, আবদুল মজিদ, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, রনি তালুকদার, জুবায়ের আহমেদ, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, আল আমিন হোসেন, মোহাম্মদ শহীদ, দেলোয়ার হোসেন, মুক্তার আলী ও মোহাম্মদ মিঠুন।
নীল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক (বিজয়), সৈকত আলী, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহরাব হোসেন জুনিয়র, অলক কাপালি, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, তাপস বৈশ্য, রবিউল ইসলাম ও মোহাম্মদ শরীফ।
হলুদ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, মুমিনুল হক, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, তাইবুর রহমান, ইলিয়াস সানি, সাকলাইন সজীব, দেওয়ান সাব্বির, সাজেদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও নুরুল হাসান।