চতুর্থ জুটির সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছরের পুরোনো এক রেকর্ড কাল ভেঙে দিলেন রস টেলর ও স্কট স্টাইরিস। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে ১৬৮ রানের জুটি গড়েছিলেন সেই সময়ের অধিনায়ক লি জারমন ও অলরাউন্ডার ক্রিস হ্যারিস। চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জুটি ছিল এটাই। কাল সেই রেকর্ড ভেঙে ১৯০ রানের জুটি গড়লেন অধিনায়ক টেলর ও অলরাউন্ডার স্টাইরিস। অবশ্য বিশ্বরেকর্ডের ধারেকাছেও নেই নিউজিল্যান্ডের রেকর্ড। চতুর্থ উইকেটে দুই শর বেশি রানের জুটিই আছে ১২টি। সবচেয়ে বড় জুটিটির বয়স এক যুগেরও বেশি। ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কটকে যেটি গড়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা। নবম ওভারে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৬। সেখান থেকে পুরো ৫০ ওভারে আর কোনো উইকেট পড়তে দেননি আজহার ও জাদেজা, জুটি ছিল ২৭৫ রানের। ক্যারিয়ার সেরা ১৫৩ করেছিলেন আজহার, জাদেজা ১১৬।