চতুর্থ টেস্টে অনিশ্চিত গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত টেস্টে খেলতে পারেননি, ইংল্যান্ডের বিপক্ষে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় চতুর্থ ও শেষ টেস্টেও অনিশ্চিত উমর গুল। ইনজুরি এখনও পুরোপুরি সেরে ওঠেনি পাকিস্তানের এই ফাস্ট বোলারের।পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ গতকাল বলেন, ‘উমর গুলের হ্যামস্ট্রিং ইনজুরি প্রায় ৯০ ভাগ সেরে উঠেছে। তাঁর দ্রুত উন্নতি হচ্ছে। ওয়ানডে সিরিজে নিশ্চিতভাবে মাঠে ফিরবেন এই বোলার। কিন্তু চতুর্থ টেস্টের জন্য তাঁকে ফিট হিসেবে দেখার অপেক্ষায় আছি আমরা।’ এরপর ইয়াওয়ার যোগ করেন, ‘নেটে অনুশীলন শুরু করেছেন গুল। চতুর্থ টেস্টেই মাঠে নামতে উদগ্রীব এই ফাস্ট বোলার। কিন্তু আমরা তাঁকে শতভাগ ফিট দেখে তবেই মাঠে নামাতে চাই।’ এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েছিলেন গুল। এরপর তাঁকে চার থেকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। গুলের অনুপস্থিতিতে ওভাল টেস্টে অভিষেক হয়েছিল ওয়াহাব রিয়াজের। আর অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। পাকিস্তানের ওভাল জয়ের পেছনে তাঁর কৃতিত্ব রয়েছে অনেকটাই। কিন্তু গুল সুস্থ হয়ে উঠলে ওয়াহাবের কী হবে? তবে পাকিস্তানের প্রতিভাবান এই ফাস্ট বোলার পাশে পাচ্ছেন অধিনায়ক সালমান বাটকে। গুল সুস্থ হলেই দলে জায়গা নিশ্চিত নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। বাট বলেন, ‘অভিষেক টেস্টেই দুর্দান্ত বোলিং করেছেন ওয়াহাব। গুল সুস্থ হলেও তাঁর স্থান নিশ্চিত, এটা বলা যাবে না। তবে এ দুজনের মধ্যে একজনকে বাছাই করার সিদ্ধান্তটা কঠিন হবে।’—ওয়েবসাইট